২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সম্পর্ক কেবল গভীর হয়েছে আওয়ামী লীগের সঙ্গে: রিজভী

বাংলাদেশেরে রাজনৈতিক গতিপথ নির্ধারণে ভারত ‘অযাচিত হস্তক্ষেপ’ করছে বলেও অভিযোগ করেন রিজভী।

ভারতের সম্পর্ক কেবল গভীর হয়েছে আওয়ামী লীগের সঙ্গে: রিজভী

সোমবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 04:34 PM

Updated : 22 Jan 2024, 04:34 PM

আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক গভীর করতে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণে ভারত ‘অযাচিত হস্তক্ষেপ’ করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পত্রিকায় দেখলাম, বাংলাদেশের ডামি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ উগান্ডায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে নাকি ভারতের সম্পর্ক গভীর থেকে আরো গভীর হয়েছে….ক্রমেই শক্তিশালী হচ্ছে।

“আমরা বলতে চাই, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই কথা আংশিক সত্য। সম্পর্ক গভীর হয়েছে তবে সেটি বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে। আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর করতে গিয়ে এবং বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ ও রাজনৈতিক গতিপথ নির্ধারণে ভারতের অযাচিত হস্তক্ষেপে বাংলাদেশের জনগণ হারিয়েছে গণতন্ত্র, বাক-ব্যক্তি স্বাধীনতা এবং ভোটের অধিকার।”

উগান্ডার কাম্পালায় দুই দিনের জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম সম্মেলনের ফাঁকে গত শনিবার বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন।

শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, “দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেতনার স্তরে সুবিচার বলে কিছুই নেই। তিনি দ্রুত হিংসার প্রয়োগে পারঙ্গম, তিনি গণতন্ত্রকে বিকলাঙ্গ করে এক সর্বগ্রাসী রাষ্ট্রের উদ্ভব ঘটিয়েছেন দেড় দশক ধরে।

“৭ জানুয়ারি নির্বাচনের পরে তিনি ভয়াবহ একক কতৃর্পক্ষ হয়ে উঠেছেন। স্বৈরশাসকদের পরিণাম থেকে শিক্ষা গ্রহণ না করে তিনি দেশকে অনিবার্য ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন।”

বিএনপির নেতা-কর্মীদের হেনস্তার বিষয়ে রিজভী বলেন, “অবৈধ সরকার যেন নিজেদের টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীদের ওপর। জামিনে মুক্তি পেলেও জেলগেটে অপেক্ষমান গোয়েন্দা সংস্থার লোকদেরকে টাকা না দিলে তাদের মুক্তি মিলছে না। অসংখ্য গরীব নেতাকর্মী জেলগেটের টাকা না দেয়ার কারণে কারাগারেই ধুঁকে ধুঁকে জীবন কাটাচ্ছে।”

উন্নয়ন হলে দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ জানতে চেয়েছেন রিজভী।

তিনি বলেন, “এর কোনো জবাব তাদের (সরকার) কাছে আছে? তারেক রহমান প্রায়শই একটি কথা বলে থাকেন… সেটি হলো, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এখানে উন্নয়নের নামে লুটপাটতন্ত্র কায়েম করা হয়েছে।”

এই অবস্থা থেকে উত্তরণে বিএনপি গণতন্ত্র ফেরানোর আন্দোলনে করছে জানিয়ে তিনি বলেন, “জনগণের ক্ষমতায়নই শুধু এই সংকটের অবসান করতে পারে। এর পূর্বশর্ত মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা।”

আগামী শুক্র ও শনিবার দেশের জেলা এবং মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি পালনের কথা ফের জানান রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, আবুল খায়ের ভুঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।