২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছারছিনা পীরের সঙ্গে সালাহউদ্দিনের সাক্ষাৎ

‘‘আমি হুজুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, ওনার দোয়া নিতে এসেছি— এ টুকুই,” বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 01:04 AM

Updated : 26 Aug 2026, 01:28 PM

ছারছিনা দরবার শরীফের পীর মুফতি শাহ আবু নছর নেছারউদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার রাত ৯টায় বিএনপির এ নেতা রাজধানীর বনানীতে দরবার শরীফে যান। তিনি পীর সাহেবের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একান্তে কথা বলেন।

সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় বেশ কয়েকবার ছারছিনার পীর সাহেবের দরবারে গিয়েছেন, দেখা করেছেন, দোয়া নিয়েছেন। এখানে কোনো রাজনীতি নেই।”

‘‘আমিও হুজুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, ওনার দোয়া নিতে এসেছি, এ টুকুই।”

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পীর সাহেবের কাছে পৌঁছে দেন বলে জানান তিনি।