খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে কোকোর দুই মেয়ে দেশে
কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি গত ২১ নভেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন। দুই মেয়েকে তিনিই বিমানবন্দর থেকে নিয়ে আসেন।
দাদি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান।
বৃহস্পতিবার দুপুরে একটি ফ্লাইটে ঢাকায় নেমে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছান তারা।
খালেদা জিয়ার বাসভবনের নিরাপত্তা কর্মীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি গত ২১ মার্চ লন্ডন থেকে ঢাকায় আসেন। দুই মেয়েকে তিনিই বিমানবন্দর থেকে নিয়ে আসেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হওয়ার দুই বছর পর ২০২০ সালে ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান বিএনপি নেত্রী। ছয় মাসের জন্য সাজা স্থগিতের আদেশ এলেও পরে তা বাড়ানো হয় আরও সাত দফা।
তখন থেকেই সাবেক প্রধানমন্ত্রী গুলশানের এই বাসায় থাকছেন। মাঝে কয়েক মাস তিনি হাসপাতালে ছিলেন।
আরাফাত রহমান কোকো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তারের পরের বছর ২০০৮ সালে ১৭ জুলাই উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যান। পরে সেখান থেকে মালয়েশিয়ায় গিয়ে বসবাস করছিলেন।
২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের মালয়েশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানেই মারা যান তিনি।
কোকোর মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে লন্ডনে বসবাস করতে থাকেন তার স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও সপরিবারে বসবাস করছেন সেখানে।
