২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে ‘ভুঁইফোড়দের’ অংশগ্রহণের ঘোষণার পেছনে সরকার: রিজভী

“দেশের প্রতিটি জনপদ-গ্রাম-গঞ্জ-শহর-বন্দরে গ্রেপ্তার আতঙ্কে ভয়ার্ত পরিবেশ বিরাজ করছে,” অভিযোগ তার।

নির্বাচনে ‘ভুঁইফোড়দের’ অংশগ্রহণের ঘোষণার পেছনে সরকার: রিজভী

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2023, 07:33 PM

Updated : 23 Nov 2023, 12:04 AM

‘তামাশা’র নির্বাচন করতে সরকার ‘ভুঁইফোড়’ বিভিন্ন দল গঠন করে সংখ্যা বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।

বুধবার বিকালে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ অভিযোগ করেন।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন শেষে কথা বলেন তিনি। বিফ্রিং থেকে তিনি নেতাকর্মীদের অবরোধের দ্বিতীয় দিনেও রাজপথে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে কর্মসূচি পালনের আহ্বান জানান।

তার দাবি, গত ২৪ ঘণ্টায় দেশে পুলিশ ৫১৫ জনকে গ্রেপ্তার করেছে এবং বিভিন্ন মামলায় ২ হাজার ৩১৫ জন নেতাকর্মীকে আসামি করেছে।

নির্বাচনে অন্য দলগুলোর অংশগ্রহণ প্রসঙ্গে রিজভী বলেন, ‘‘কাজী রকিব আর নুরুল হুদা (সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনার) দেখানো ভাওতাবাজীর নির্বাচনের পথে হাঁটছেন কাজী হাবিবুল আউয়াল গং। দেশের জনগণ মাফিয়া চক্রের এই ভুয়া তফসিল প্রত্যাখান করায় ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন মঈন উদ্দিন-ফখরুদ্দিনের মতো তথাকথিত কিংস পার্টি, ভুঁইফোঁড় পার্টি, ড্রিংকস পার্টি, ছিন্নমূল পার্টি তৈরি করে তাদেরকে দিয়েই তামাশার নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছেন।”

অজ্ঞাত স্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভীর অভিযোগ, ‘‘শেখ হাসিনা তার এজেন্সিগুলোকে মাঠে নামিয়ে দিয়েছেন তথাকথিত কিংস পার্টি গঠনের জন্য। বিভিন্ন দল থেকে নেতাদের আনতে গরুর হাটের মতো দরদাম চলছে। আওয়ামী লীগের কিংস পার্টিতে যোগ দিতে দেশপ্রেমিক বহু নেতাকে চাপ-প্রলোভন ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। ছলে-বলে কৌশলে টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে।

“আবার কেউ কেউ জনগণের ভোটের অধিকার আন্দোলনে না গিয়ে বিরোধী দলের লেবাসে ফ্যাসিবাদের দোসর হয়ে তথাকথিত এসব কিংস পার্টি, ভুঁইফোড়, ছিন্নমূল পার্টির হালুয়া-রুটির ভাগ প্রাপ্তির ভরসায় ফ্যাসিস্টদের বর্তমান আস্তানা বঙ্গভবন-গণভবনে ছুটাছুটি করছে।”

এসব ‘বেঈমান দলছুটরা’ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে মন্তব্য করে তিনি বলেন, “এই সমস্ত রঙ বদলানো পরজীবী রাজনীতিবিদরা জনগণের সংকেত বার্তা টের পাচ্ছে না। জনগণ খুব দ্রুত গতিতে ধেয়ে যাচ্ছে সিংহাসন ধুলায় লুটিয়ে দিতে, জনগণের সেই পদচিহ্ন লক্ষ্য করতে পারছে না এই নব্য রাজাকাররা।”

রিজভীর ভাষ্য, ‘‘মাফিয়া চক্র গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গণতন্ত্রের শেষ চিহ্ন মুছে দিতে গেস্টাপো বাহিনীর কায়দায় গড়ে তোলা গোয়েন্দা পুলিশ, র‌্যাব বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। গ্রেপ্তার করে তুমুল ভাঙচুর করা হচ্ছে তাদের বাড়িঘর।

“বিএনপির নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ব্যক্তিদের কারাগারে খুঁজে বেড়াচ্ছে স্বজনরা। দেশের প্রতিটি জনপদ-গ্রাম-গঞ্জ-শহর-বন্দরে গ্রেপ্তার আতঙ্কে ভয়ার্ত পরিবেশ বিরাজ করছে।”

একতরফা নির্বাচনের জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ তার। 

তার অভিযোগ, ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ এই শ্লোগান দিয়ে আমলা ও পুলিশের মতো দেশের বিচারকগণও দুর্বার গতিতে অন্ধ অবিচারে কাজ করে যাচ্ছে। আমলা-পুলিশ-বিচারকগণ সকলে একত্রিত হয়ে দ্রুত ও দর্পিত পদক্ষেপে কাজ করে যাচ্ছে। 

“সরকারের নির্দেশে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা ও গায়েবি মামলায় সাজা দেওয়া হচ্ছে।”

পুরনো খবর:

সুষ্ঠু ভোটে বিশ্বাস রেখে ৩০০ আসনে প্রার্থী দিচ্ছে জাপা
এক দফা ছেড়ে ‘যুক্তফ্রন্ট’ গড়ে ভোটের মিছিলে সৈয়দ ইবরাহিম