একটি গোষ্ঠীর ‘লুটপাটের’ মূল্য দিতে হচ্ছে অন্যদের: খসরু
ঈদ সবচেয়ে আনন্দের দিন হলেও দেশের মানুষ ঈদকে সেভাবে দেখতে পারছে না, অভিযোগ তার।
দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে অধিকাংশ নিম্ন আয়ের মানুষ দুবেলা খেতে না পারলেও একটি শ্রেণির হাতে দলীয়ভাবে সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার নগরীর মেহেদীবাগে নিজ বাসায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ঈদ সবচেয়ে আনন্দের দিন হলেও দেশের মানুষ ঈদকে সেভাবে দেখতে পারছে না। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে অধিকাংশ নিম্ন আয়ের মানুষ দুবেলা খেতে পারছে না।
তার অভিযোগ, “জীবন যাত্রার মান নিচের দিকে যাচ্ছে, মানুষের নাভিশ্বাস উঠেছে। আর একটি গোষ্ঠী লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। আর ট্যাক্স দিয়ে, উচ্চ দ্রব্যমূল্য ও উচ্চ গ্যাস, পানি, বিদ্যুৎ বিল দিয়ে এটা পূরণ করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে।”
বিএনপি নেতা খসরু বলেন, দিন দিন একটা শ্রেণির মানুষের হাতে সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে দলীয়ভাবে। তারা মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। এমনকি অর্থনৈতিক অধিকারও আজকে কিছু মানুষের হাতে চলে গেছে। সাধারণ মানুষ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বর্তমান সরকারকে ‘অবৈধ দখলদার’ আখ্যা দিয়ে ক্ষমতাচ্যুত করতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হতে হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. নসরুল কদির।
