২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গুম’: শিশুদের সঙ্গে ফখরুলও কাঁদলেন

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে নয়া পল্টনে মানববন্ধনে বিএনপি মহাসচিবকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 08:33 PM

Updated : 30 Aug 2022, 08:33 PM

‘গুমের শিকার’ বাবাকে ফিরে পেতে সন্তানদের কান্নাভেজা আকুতিতে সঙ্গী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বিএনপি মহাসচিবকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের ওই কর্মসূচিতে এসেছিল বংশাল থানা ছাত্রদলের সভাপতি মো. সোহেলের ছোট্ট মেয়ে সাদিকা সাফা এবং পল্টন থানা ছাত্রদলের সভাপতি পারভেজ রেজার মেয়ে হৃদি। যারা তাদের বাবার খোঁজ জানে না বহু দিন।

কান্না কণ্ঠে সাফা বলে, “আমার বাবাকে ওরা নিয়ে গেছে। আমি বাবাকে একবারও দেখি নাই। আমার বাবাকে দেখতে ইচ্ছা করে, আমি দেখতে পাই না।

“যখন আমি স্কুলে যাই, তখন আমার বন্ধুরা তাদের বাবার সাথে আসে। আমাকে জিজ্ঞাসা করে, তোমার বাবা আসে না কেন? আমি কথা বলতে পারি না। আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দেন, আমি বাবাকে দেখতে চাই, আমার বাবাকে দেখতে ইচ্ছা হয়।”

ডায়াসের পাশেই চেয়ারে বসা বিএনপি মহাসচিব তখন অঝোরে কাঁদছিলেন।

এর আগে চেয়ারের ওপর দাঁড়িয়ে তার ‘পাপা’কে না পাওয়ার বেদনার কথা তুলে ধরে পল্টন থানা ছাত্রদলের সভাপতি পারভেজ রেজার মেয়ে হৃদি।

সে বলে, ‘‘আমার পাপাকে ফিরিয়ে দেন, প্লিজ আমার পাপাকে ফিরিয়ে দেন আপনারা। আমি ছোট্ট থেকে বড় হয়ে গেছি বলতে বলতে।

“কত বার বলছি (অঝোরধারায় কাঁদতে থাকে)…। আমি পাপার সাথে ঘুরতে চাই। আমি পাপার সাথে ঘুরতে পারি না। আমার কষ্ট লাগে (আবারও কান্না)। আমার ভালো লাগে না। প্লিজ আমার পাপাকে ফিরিয়ে দেন। পাপা কবে আসবে কেউ কিচ্ছু বলে না।”

তখনও পকেট থেকে রুমাল বের করে বার বার নিজের চশমা খুলে চোখের পানি মুছতে দেখা যায় ফখরুলকে।

হৃদি ও সাবা ছাড়াও ‘গুম হওয়া’ ছাত্রদলের সাইফুর রহমান সজীবের বাবা শফিকুর রহমান, সেলিম রেজা পিন্টুর বোন নদী, সাজেদুল ইসলাম সমুনের বোন সানজিদা ইসলাম তুলিও তাদের বেদনার কথা কথা বলেন।

মির্জা ফখরুল এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “গুম করে নিয়েছে যাদেরকে, তাদের অপরাধ কী ছিল? তাদের অপরাধ ছিলো একটাই; সেটা হচ্ছে- স্বাধীন গণতান্ত্রিক দেশে তাদের অধিকার নিয়ে বাস করতে চেয়েছিল। আজকে এই আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার গত ১৫ বছর ধরে আমাদের সেই অধিকারগুলো কেড়ে নিয়েছে।”

তিনি বলেন, “আমি যখন এই অনুষ্ঠানের জন্য বেরুচ্ছি, আমার বাসার পাশে দক্ষিণখানের মুন্নার মা তিনি আমাকে ফোন করেছিলেন। মুন্না ছাত্রদলের নেতা, একজন কর্মী ছিলেন। তার বাবা একটি ওষুধের দোকান চালাতেন। সেই ওষুধের দোকান দেখাশোনা করত। একদিন হঠাৎ করে ২০১৪ সালের নির্বাচনের আগে তাকে সেখান থেকে এই সাদা পোশাক পরা এই র‌্যাবের লোকেরা তাকে তুলে নিয়ে চলে যায়।

“তারপর তার বাবা একবছর ছেলেকে খুঁজেছে সারা বাংলাদেশজুড়ে, ভারতে গেছে, কলকাতা গেছেন, সব খানে খুঁজেছেন। কিন্তু তাকে কোথাও পায়নি। সব শেষে সে নিজে লিভার রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজকে তার মা এখানে বসে আছেন। তাকে এখন দেখার কেউ নেই।”

‘গুম-খুনের’ শিকার পরিবারগুলোর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আজকে গুম হওয়া পরিবার যারা এসেছে এখানে, তাদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, তোমরা একা নাও, তোমাদের সঙ্গে সারা বাংলাদেশের মানুষ আছে, তোমাদের জন্য সারা বাংলাদেশের মানুষ লড়াই করবে।

“আজকে আমাদের এই সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের বাবাকে, তাদের ভাইকে, তাদের ছেলেকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে, আমাদেরকে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে মানুষকে সঙ্গে নিয়ে।”

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে এ কর্মসূচি হয়। এতে দলের ‘গুম’ হওয়া শতাধিক নেতা-কর্মীর পরিবারের সদস্যরা অংশ নেন।

ফকিরেরপুল থেকে কাকরাইলে নাইটেঙ্গল মোড় পর্যন্ত রাস্তায় একপাশে হাজার হাজার নেতা-কর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ‘গুমের’ বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানায়।

গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক নিপীড়ন বন্ধের দাবি জানিয়ে নেতা-কর্মীরা বিভিন্ন প্ল্যার্কার্ড বহন করে। কর্মসূচিস্থলে গুম ও বিচারবহির্ভূত হত্যার দৃশ্য নেতাকর্মীরা অভিনয় করে প্রদর্শন করে।

ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।