২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নিবন্ধন: গণঅধিকার পরিষদের অফিসে যাচ্ছে ইসির তথ্য পুনঃযাচাই কমিটি

চলতি মাসেই নতুন দলের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হতে পারে।

নিবন্ধন: গণঅধিকার পরিষদের অফিসে যাচ্ছে ইসির তথ্য পুনঃযাচাই কমিটি

গণঅধিকার পরিষদের কার্যালয় এখন নুরুল হক নুরদের নিয়ন্ত্রণে।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 09:53 AM

Updated : 08 Jul 2023, 09:54 AM

আহ্বায়ক ও সদস্য সচিবের পাল্টাপাল্টি অপসারণের মধ্যেই গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা সরেজমিন পুনঃযাচাই করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

আগামী সোমবার বিকালে পুরানা পল্টনে দলটির অফিসে রেজা কিবরিয়া ও নুরুল হক নুরকে তথ্য উপাত্ত নিয়ে থাকতে বলেছে ইসির ‘রাজনৈতিক দলের তথ্য পুনঃযাচাই কমিটি’।

বিবাদমান দুই পক্ষই ইসি সচিবালয়ের এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা জানিয়েছে।

দুই পক্ষকে চিঠি দিলেও এ পুনঃযাচাইয়ের সঙ্গে গণঅধিকার পরিষদের কোন্দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন তথ্য পুনঃযাচাই কমিটির আহ্বায়ক নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) আব্দুছ সালাম।

তিনি বলেন, “নির্বাচন কমিশন আমাদের পুনঃযাচাই করতে বলেছে। এটা সঙ্গে দলটির পাল্টাপাল্টি অবস্থানের সঙ্গে সম্পর্ক নেই। আমাদের কাছে আহ্বায়ক-সদস্য সচিব হিসেবে রেজা কিবরিয়া ও নুরুল হক নুর রয়েছে, তাদের দুই পক্ষকে বুধবার চিঠি দেওয়া হয়েছে।”

উপ-সচিব সালাম জানান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্য তারা ১০ জুলাই পুনঃযাচাই করবেন। এ দিন নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট দলের আহ্বায়ক, সদস্য সচিব ও দপ্তর সম্পাদককে প্রয়োজনীয় তথ্য উপাত্তসহ উপস্থিত থাকতে হবে।

পুরানো খবর:

নতুন দলের নিবন্ধন: সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি ইসি

দুই বছর আগে গণঅধিকার পরিষদের আত্মপ্রকাশের সময় রেজা কিবরিয়া আহ্বায়ক এবং নুর সদস্য সচিবের দায়িত্ব নেন। নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে আবেদন জমা দেওয়ার পর জাতীয় নির্বাচনের আগে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে।

গত মাসের মাঝামাঝিতে রেজা কিবরিয়াকে আহ্বায়কের পদ থেকে সরিয়ে প্রথম যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করার ঘোষণা দেন নুর। এর পাল্টায় নুরকেও সদস্য সচিবের পদ থেকে সরিয়ে হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করার ঘোষণা দেন রেজা।

Image

রেজা কিবরিয়া ও নুুরুল হক নুর- তখন তারা এক ছিলেন।

এরপর রেজা কিবরিয়া ৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনারের কাছে এক চিঠিতে দলটির সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরে যথাযথ পদক্ষেপ কামনা করেন।

জানতে চাইলে এ অংশের দপ্তর সমন্বয়ক শাহাবুদ্দীন শুভ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের আহ্বায়ক ইতোমধ্যে কমিশনে সার্বিক বিষয় তুলে ধরেছেন। সেই সঙ্গে কেন্দ্রীয় অফিস, কেন্দ্রীয় কমিটিসহ অন্যান্য তথ্যের সঠিকতা যাচাইয়ে আহ্বায়ক, সদস্য সচিব, দপ্তর সম্পাদককে ১০ জুলাই থাকতে বলেছেন।

“আহ্বায়ক এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ইসির চিঠির বিষয়টি জানানো হয়েছে। তিনি ফিরলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

সদস্য সচিব নুরুল হক নুর অংশের দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান বলেন, “আমরাও ইসির চিঠি পেয়েছি। তবে আগেরজনকে সরিয়ে নতুন ভারপ্রাপ্ত আহ্বায়কের বিষয়টি কমিশনকে জানান হয়নি।

“১০ জুলাই যাচাই কমিটির আমাদের অফিসে আসবে। সেখানে বিস্তারিত জানান হবে এবং একই দিন গণঅধিকার পরিষদের কাউন্সিল রয়েছে।”

পুরানো খবর:

গণঅধিকার পরিষদের নেতৃত্ব থেকে রেজা কিবরিয়াকে বাদ দেওয়ার ঘোষণা নুরপন্থিদের 
এবার নুরকে বাদ দিয়ে মামুনকে পদে আনলেন রেজা কিবরিয়া
গণঅধিকার পরিষদে আমিই আহ্বায়ক, নিবন্ধন আমার নামেই হবে: রেজা কিবরিয়া
নুর আওয়ামী লীগের সঙ্গে ‘গোপন আঁতাতে’, অভিযোগ রেজার

ইসির দল নিবন্ধন যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সপ্তাহ খানেক আগে জানিয়েছিলেন, প্রায় সবকিছু গুছিয়ে আনা হয়েছে। ১২টি দলের কেন্দ্রীয়, জেলা, উপজেলা কমিটি ও অফিস, সমর্থন তালিকা, প্রয়োজনীয় দলিলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত শেষ হয়েছে। এখন পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও সঠিক তথ্য যাচাইয়ের কাজ চলছে।

এসব দলের প্রতিটির তথ্য পুনঃযাচাইয়ের জন্য আলাদা আলাদা কমিটি করা হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধন পাওয়ার দৌড়ে রয়েছে ১২টি দল। কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকারিতা পর্যায়ক্রমে পুনঃযাচাই হচ্ছে। চলতি মাসে নতুন দলের নিবন্ধন চূড়ান্ত করা হতে পারে।

নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলো দলীয় পরিচয়ে নির্বাচনে অংশ নিতে পারে। তাদের জন্য প্রতীক সংরক্ষিত থাকে।