২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের মত এরাও অসভ্য দল: মির্জা আব্বাস

“ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন, এমন কথাও বলে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 09:26 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

‘জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তারা ‘ধর্ম বিকৃতকারী’ একটি দল।

বুধবার দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “একটা খারাপ কথা বলতে হয় যে, আসলে আপনাদের ঔষধ হল আওয়ামী লীগ। কোনো ভদ্র লোক ওদের সঙ্গে কাজ করতে পারবে না।

“আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরাও একটা অসভ্য দল এবং ধর্ম বিকৃতকারী একটা দল, মওদুদীবাদী বিশ্বাসী একটা দল।”

সিদ্ধেশ্বরীতে এক মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে কথা বলছিলেন মির্জা আব্বাস।

কোনো দলের নাম না নিয়ে তিনি বলেন, “কিছু প্রার্থী ধর্মীয় আবেগকে উসকে দিয়ে বলছেন, ভোট দিলে জান্নাত। ওরা বাসায় গিয়ে বলে বুকে একটু হাত দিয়ে বলেন আমাকে ভোট দেবেন, বলেন ঠিক আছে। দেখেন আপনারা কিন্তু কোরআন শরীফে হাত দিয়ে কথা বলেছেন, বুকের মধ্যে কিন্তু কোরআন শরীফ আছে।

“ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন এমন কথাও বলে। ভোট না দিলে কোপায়ে ফালব এটাও বলে। আমার খুব দুঃখ লাগে যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাংলাদেশ তারা চায় নাই।”

মির্জা আব্বাস বলেন, “একাত্তর সালে আমরা মুক্তিযুদ্ধ করি, এরা আলবদর-রাজাকার বাহিনী নাম দিয়ে পবিত্র নাম ‘আলবদর-রাজাকার’ ব্যবহার করে তারা কুলষিত করেছে।

“এই নামগুলোকে কলুষিত করে অতঃপর বাংলাদেশের জনগণকে কচুকাটা করেছে। বাংলাদেশের মা-বোনদেরকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে। আজকে ওরা বাংলাদেশে ভোট চায়, ওরা বাংলাদেশে লম্বা লম্বা কথা বলে। আমরা তো আসলে আওয়ামী লীগের মত করতে পারব না, তাই উনাদের গলার স্বর বেশি উচা হয়ে গেছে।”

তিনি বলেন, “নির্বাচনে প্রার্থীতা নেওয়া অনেকেই নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু দেশের মানুষকে ধোঁকা দেওয়ার সুযোগ নেই। মানুষ খুব শিক্ষিত না হলেও একেবারে বোকা নয়, তাদের ধাপ্পা দেওয়া যাবে না।”

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান মির্জা আব্বাস।