ভোটারবিহীন নির্বাচনের ‘অবৈধ’ সংসদ: বিএনপির ফারুক
“জনগণের অংশগ্রহণবিহীন এই নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলোও গ্রহণ করে নাই”, বলেন তিনি।
দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘ভোটারবিহীন’ আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, গত দুইবারের মত নতুন সংসদও ‘অবৈধ’।
তার ভাষায়, “এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। এই নির্বাচন সুষ্ঠু হয়নি, গ্রহণযোগ্য হয়নি। শুধু তাই নয়, জনগণের অংশগ্রহণবিহীন এই নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলোও গ্রহণ করে নাই। আমরা মনে করি, এটা অবৈধ সরকারের অবৈধ সংসদ।”
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের দিন বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আয়োজনে কথা বলছিলেন ফারুক। জাতীয় মৎস্যজীবী দলের উদ্যোগে ‘ভোট বর্জনের জন্য’ জনগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এ অনুষ্ঠানে আসেন তিনি।
এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ জয় পেয়েছে ২২২টি আসনে। এর বাইরে জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে।
রেকর্ড ৬২ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন, যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। বাকিদের মধ্যে দুজন সরাসরি দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
নতুন সংসদ সদস্যদের শপথ জনগণ ‘গ্রহণ করবে না’ মন্তব্য করে নবম জাতীয় সংসদের বিরোধী দলীয় প্রধান হুইপ ফারুক বলেন, “ভোট বর্জনে জনগণকে ফুলেল শুভেচ্ছা। অবৈধ নির্বাচন জনগণ বর্জন করেছে। আমরা জনগণকে ধন্যবাদ জানিয়ে তাদের হাতে গোলাপ ফুল তুলে দিচ্ছি এই ভোটে অংশগ্রহণ না করার জন্য।”
বাংলাদেশের রাজনীতিতে ৭ জানুয়ারি ‘লজ্জাজনক ঘটনা’ ঘটে গেছে মন্তব্য করে তিনি বলেন, “জনগণের অনুপস্থিতিতে ভোটারবিহীন নির্বাচনে তল্পিবাহক প্রধান নির্বাচন কমিশনার ৪০ শতাংশ ভোট পড়েছে বলে যে ঘোষণা দিয়েছেন, আমরা তথ্য-উপাত্ত দেখে বাংলাদেশের সকল মিডিয়া ও গণমাধ্যমে যেটা দেখেছি, সেটা হল ২ থেকে ৪ পারসেন্টের বেশি ভোট পড়ে নাই। সেই ভোটের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আজকে হয়েছে, আমরা তা প্রত্যাখান করছি।”
সরকারের উদ্দেশে ফারুক বলেন, “আপনারা একটা ভুয়া ভোটারবিহীন নির্বাচন করেছেন। এরশাদও ৮৬ সালে ৮৮ সালে নির্বাচন করেছিল। সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে নাই। আপনারা ক্ষমতায় ছিলেন জোর করে, এবার ২০২৪ সালের ৭ জানুয়ারি তল্পিবাহক নির্বাচন কমিশনের মাধ্যমে যে নির্বাচন আপনারা করেছেন ভোটারবিহীন, সেই সরকার আপনারা পরিচালনা করতে পারবেন না।”
প্রেস ক্লাব এলাকায় রিকশাচালক ও পথচারীদের হাতে ফুল দেন বিএনপি নেতা ফারুক। মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব এসময় উপস্থিত ছিলেন।
