পরীক্ষামূলক যাত্রায় ঢাকার মেট্রোরেল। বুধবার হবে আনুষ্ঠানিক উদ্বোধন, পরদিন থেকে যাত্রী নিয়ে যাতায়াত শুরু হবে।
Published : 27 Dec 2022, 07:11 PM
ঢাকায় মেট্রোরেলের নির্ধারিত ভাড়া নিয়ে আপত্তি তুলেছে বিএনপি। দলটি বলেছে, ভাড়ার এই হার প্রতিবেশী দেশগুলোর চেয়ে অন্তত দ্বিগুণ বেশি।
ঢাকার মেট্রোরেল উদ্বোধনের আগের দিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভাড়া নিয়ে নিজেদের আপত্তি জানিয়ে প্রতিবেশী দেশগুলোর ভাড়ার হারের একটি তুলনামূলক চিত্র তুলে ধরে বিএনপি।
দেশের প্রথম মেট্রোরেল বুধবার উদ্বোধন হচ্ছে। নগরের এই গণপরিবহনের ভাড়ার হার ঠিক করা হয়েছে প্রতি কিলোমিটার ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ২০ কিলোমিটারের জন্য ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলনে বলেন, “ঢাকার মেট্রোরেলের এই ভাড়ার পরিমাণ শুধু দেশের বেসরকারি বাসভাড়ার দ্বিগুণই নয়, ভারত ও পাকিস্তানের বিভিন্ন নগরীর মেট্রোরেলের ভাড়ার চেয়ে ২ থেকে ৫ গুণ বেশি।
“সর্বনিম্ন ভাড়া দিল্লি, মুম্বাই, চেন্নাই ও লাহোরের ভাড়ার প্রায় দ্বিগুণ এবং কলকাতার ৩ গুণ। ঢাকার ২০ কিলোমিটারের ভাড়া কলকাতার ৪ গুণ, নয়া দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ের ৩ গুণ এবং লাহোরের ভাড়ার চেয়ে সাড়ে ৫ গুণ বেশি।”
নগরবাসীর যাতায়াতে দুর্ভোগ লাঘবে সরকারি উদ্যোগে মেট্রোরেল হলেও ভাড়ার হার জনগণের জন্য স্বস্তিদায়ক নয় বলে দাবি করছে বিএনপি।
নজরুল বলেন, “মেট্রোরেলের বিধিমালায় বলা হয়েছিল যে ঢাকা মহানগরের জনগণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য, সহজসাধ্য করার জন্য, সুলভ করার জন্য জনগণের টাকায় এই প্রকল্প করা হচ্ছে। কিন্তু তারপরে দেখছি, ঢাকার বাসভাড়া যা, তার চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে এই মেট্রোরেলের ভাড়া।”
পুরানো খবর:
মেট্রোরেলের ভাড়া কত?তিনি বলেন, “যদি এটা আন্ডার গ্রাউন্ড হত, এর এয়ারকন্ডিশনিং খরচ আরও বেশি হত। কিন্তু আমাদের এটা (মেট্রোরেল) আন্ডার গ্রাউন্ড না। তাই এটার ভাড়া কম হওয়া উচিৎ ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতা, দিল্লি, মুম্বাই, লাহোর সব জায়গার চেয়ে আমাদের এখানে ভাড়ার পরিমাণ অনেক বেশি।”
ভাড়ার এই হারকে ‘গণবিরোধী’ মন্তব্য করে নজরুল বলেন, “তারা (সরকার) দুর্নীতি-অনাচার করে অধিক ব্যয় করেছে বলেই সম্ভবত এটা উসুল করার জন্য এটা করেছে। তাদের অপরাধের দায় জনগণ কেন নেবে?
“জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার হলে এমন গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারত না।”
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সোমবার অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন নজরুল। সেখানেই মেট্রোরেলের ভাড়া নিয়ে কথা বলেন তিনি।
নজরুল বলেন, “আমদানি সংকটের কারণে যখন দেশের দুটি এলএনজি টার্মিনালের সরবরাহ সক্ষমতা নেমেছে ৫০ শতাংশের নিচে, তখন সরকারের আরও ২টি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার মাধ্যমে জ্বালানির মতো কৌশলগত পণ্য নিয়ে দুর্নীতির অপচেষ্টার তীব্র প্রতি জানিয়েছে স্থায়ী কমিটি। সভায় এমন গণবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জোর দাবিও জানানো হয়।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকউল্লাহ বুলু ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
ইনামুল-জিল্লুরকে নাজেহালের নিন্দা
শাহবাগে আওয়ামী লীগের মেহেরপুরের এক নেতার হাতে প্রকৌশলী ম ইনামুল হকের লাঞ্ছনার নিন্দা জানিয়েছে বিএনপি।
নজরুল বলেন, “গত ২৪ ডিসেম্বর শাহবাগে সরকারের দুর্নীতি-ভোটচুরি-গণবিরোধী কাজের বিরুদ্ধে প্রচারণা চালাতে গিয়ে বিশিষ্ট পানি বিশেষজ্ঞ প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা ড. ইনামুল হককে ক্ষমতাসীন দলের কর্মীরা শারীরিকভাবে নাজেহাল করেছে বলে যে খবর বেরিয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর সঙ্গে দায়ী যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
ভিডিওতে এই ব্যক্তিকে দেখা গেছে প্রকৌশলী ম ইনামুল হককে চড় মারতে। তিনি মেহেরপুরের কৃষক লীগ নেতা বানি আমিন
“একই সাথে আমরা টকশো উপস্থাপক জিল্লুর রহমান, তাকে সরকার প্রতিপক্ষ মনে করে তার বাড়িতে যে পুলিশি অভিযান চালিয়েছে, তারও নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,” বলেন নজরুল।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলামকে ঢাকায় তার বাসভবন থেকে গ্রেপ্তার, চুয়াডাঙ্গা বিএনপির সদস্য সচিব শরীফ উজ্জামানসহ ১৫ জন এবং পঞ্চগড়ে ২৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের মুক্তিও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।