ঠাকুরগাঁও-৩ উপনির্বাচনে ১৪ দলের প্রার্থী ইয়াসিন আলী
বিএনপির পদত্যাগে শূন্য আসনটি আওয়ামী লীগ জোট শরিক দলকে ছেড়ে দিয়েছে।
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে উপনির্বাচনে সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলীকে প্রার্থী করছে ওয়ার্কার্স পার্টি, তিনি ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই আসনটি ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দেওয়ার কথা ক্ষমতাসীন আওয়ামী লীগ জানানোর পরদিন সোমবার ইয়াসিন আলীকে মনোনয়নের খবর জানিয়ে ওয়ার্কার্স পার্টির সংবাদ বিজ্ঞপ্তি আসে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আসন্ন উপনির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টির সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলীকে মনোনয়ন প্রদান করা হয়েছে। আজ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে নির্বাচন কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।”
বর্তমান একাদশ সংসদে সরাসরি আসনে ওয়ার্কার্স পার্টির তিনটি আসন রয়েছে। এছাড়া একটি নারী আসন রয়েছে।
ইয়াসিন আলী ১৪ দলের জোট প্রার্থী হিসাবে ২০১৪ সালে ‘হাতুড়ি’ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচন বিএনপি বর্জন করেছিল।
২০১৮ সালে এই আসনে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে জয়ী হন বিএনপির জাহিদুর রহমান। দলীয় সিদ্ধান্ত মেনে সম্প্রতি বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে এই আসনটিও শূন্য হয়।
উপনির্বাচনে ইয়াসিন আলী ‘হাতুড়ি’ প্রতীকে নির্বাচন করবেন বলে ওয়ার্কার্স পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওয়ার্কার্স পার্টির সভায় উপনির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনটি ওয়ার্কার্স পার্টিকে দেওয়ার জন্য সন্তোষ প্রকাশ করা হয় এবং ১৪ দল নেত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান হয়।
