২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যারা খারাপ আছেন, শুদ্ধ হয়ে যান: নেতাকর্মীদের হুঁশিয়ারি কাদেরের

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, “যারাই অপকর্ম করে, গড ফাদারগিরি করে দলের দুর্নাম কামিয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তারা কিছুতেই পাবে না।”

যারা খারাপ আছেন, শুদ্ধ হয়ে যান: নেতাকর্মীদের হুঁশিয়ারি কাদেরের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 06:00 PM

Updated : 19 Oct 2022, 06:00 PM

যে নেতাকর্মীরা দলের সুনাম নষ্ট করছেন, তারা কখনো আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার এক আলোচনা সভায় তিনি বলেন, “দলকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগের নামে অপকর্ম করবেন না। যারাই অপকর্ম করছে তাদের এসিআর কিন্তু নেত্রীর কাছে জমা আছে। শেখ হাসিনার কাছে নমিনেশন চাইবেন, হিসাব আছে।”

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই আলোচনাসভা হয়।

সভায় দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি করে ওবায়দুল কাদের বলেন, “যারাই অপকর্ম করে, গড ফাদারগিরি করে দলের দুর্নাম কামিয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তারা কিছুতেই পাবে না। এটা নেত্রীর স্পষ্ট নির্দেশ। খারাপ আছেন, ভালো হয়ে যান, শুদ্ধ হয়ে যান।”

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ‘পলিটিক্যাল রুমের’ নামে সিটবাণিজ্য, ভর্তি বাণিজ্য করে ছাত্রলীগের যারা দলের সুনাম নষ্ট করেছে, তাদের তালিকা তৈরি হচ্ছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

“সিটবাণিজ্য, ভর্তি বাণিজ্য, টাকা নিয়ে পলিটিক্যাল রুম, এই সব যারা করে… তাদের খবর আছে, ক্ষমা নাই।”

‘স্বপ্ন ও সম্ভাবনার স্ফূলিঙ্গ- শেখ রাসেল' শীর্ষক এই আলোচনা সভায় শেখ রাসেলের নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি, দরিদ্র তহবিলে বিশেষ অনুদান ও শিক্ষার উপকরণ বিতরণ করা হয়।

দুর্ভিক্ষ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তার পাল্টা জবাবে কাদের বলেন, “বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আগামীতে দুর্ভিক্ষের সম্ভাবনা আছে, যে পূর্বাভাস দিয়েছে আইএমএফ ও বিশ্ব ব্যাংক। শেখ হাসিনা তো সেটাই বলেছেন। এখানে অন্যায় কী করেছেন? আর উনি (ফখরুল) দেখেছেন বাংলাদেশের দুর্ভিক্ষ।”

সেতুমন্ত্রী বলেন, “দেশে নাকি এখন দুর্ভিক্ষ হচ্ছে। কোথায় একজন মরেছে? সোমালিয়া মরেছে। সোমালিয়া গিয়ে দেখুন। বাংলাদেশকে সোমালিয়া বানাবেন না। বাংলাদেশ ইনশাল্লাহ সোমালিয়া, আফগানিস্থান হবে না। বাংলাদেশে সেই পরিস্থিতি হয়নি।

“সংকটে আছে, সেটা প্রধানমন্ত্রী স্বীকার করেছেন। একটা লোকও মরেনি কিন্তু এ পর্যন্ত আল্লাহর রহমতে। আমাদের খাদ্য আছে, তেলের একটু সংকট আছে। কাটিয়ে উঠার চেষ্টা করছি। ব্রুনেই থেকেও জ্বালানির ব্যাপারে সহযোগিতার চুক্তি হয়েছে।”

আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, আনিসুর রহমান বক্তব্য দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালিম, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।