যুদ্ধ থাকলে বাজার নিয়ন্ত্রণে আসবে না: কাদের
কাদের বলেন, "গত ঈদের সময় দেখছি রাত তিনটা সময়ই বাজারে মানুষ কেনাকাটা করছে। টাকা না থাকলে কিনছে কিভাবে"
রাশিয়া-ইউক্রেইন এবং গাজা-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতি চলতে থাকলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আাওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদেরের কাছে প্রশ্ন ছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না কেন।
জবাবে তিনি বলেন, “দ্রব্যমূল্য পৃথিবীর কোথায় নিয়ন্ত্রণে আছে দয়া করে দেখান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোথায় আছে? বাজার উঠানামা করবে। বিশ্বের যে পরিস্থিতি, সারা দুনিয়াটাই এখন মনে হচ্ছে রণক্ষেত্র।
“আপনি যেদিকেই তাকান যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন, গাজা-ইজরায়েল, সুদান। কঙ্গোর সাথে রুয়ান্ডার সংঘাত। যুদ্ধ এখন সারা দুনিয়ায় চলছে। যুদ্ধমানেই জিনিসপত্রের দাম বৃদ্ধি। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা যুদ্ধ থাকলে সম্ভব হবে না।”
দেশে উৎপাদিত কাঁচা মরিচ বা টমেটোর বাজারও চড়া কেন প্রশ্ন করা হলে কাদের বলেন, “একটা লোক না খেয়ে মারা গেছে বাংলাদেশে এত সংকটের মধ্যে? বাজারে কি টাকার অভার আছে? গত ঈদের সময় দেখছি রাত তিনটার সময়ই বাজারে মানুষ কেনাকাটা করছে। টাকা না থাকলে কিনছে কিভাবে? মানুষের পার্চেজিং পাওয়ার বেড়েছে। এটা হলো বাস্তবতা।”
বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, “যে মন্ত্রী দায়িত্বে আছেন তিনিই বলেছেন। বিদ্যুতে আমাদের ভর্তুকি অনেক বেশি হয়ে গেছে। এ ভর্তুকি আর বাড়তে দেয়া ঠিক হবে না। সমন্বয় করা জরুরি।”
২ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে কীভাবে জানতে চাইলে তিনি বলেন, “ব্লুমবার্গে একটা নিউজ হয়েছে আমরা সেটা খতিয়ে দেখছি। দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। আমি পার্টিকুলার কোনো মিনিস্টারের কথা বলব না। তিনি মিনিস্টার হন, যেই হন দুর্নীতি করে কেউ ছাড় পাবে না।”
দ্বাদশ সংসদ নির্বাচনে 'ভারতের রাখঢাক ছাড়া নিয়ন্ত্রণ' নিয়ে সংবাদ মাধ্যমে আসা খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, “আমি একটা বিষয় জানি, ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। তারা আমাদের পরীক্ষিত বন্ধু, সংকটে আমাদের পাশে তারা থাকে সেটা তারা প্রমাণ করেছে। এবার ইলেকশন নিয়ে দেশি-বিদেশি যে খেলা এর বিরুদ্ধে তখনও আমাদের পাশে ছিল। আমি শুধু একটা কথা বলব, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি না।”
সংবাদ সম্মেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপদপ্তর সায়েম খান উপস্থিত ছিলেন।
