২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলুপ্ত সংসদ সদস্যদের বাসায় ‘হাজার হাজার কোটি টাকা’, অভিযান চান বিএনপির ফারুক

“ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ১০ তলা বানিয়ে ঢাকা কলেজের হোস্টেল তৈরি করে আবু সাঈদের নামে নামকরণ করা হোক,” বলেন তিনি।

বিলুপ্ত সংসদ সদস্যদের বাসায় ‘হাজার হাজার কোটি টাকা’, অভিযান চান বিএনপির ফারুক
জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:04 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

বিলুপ্ত জাতীয় সংসদ সদস্যদের বাসায় হাজার হাজার কোটি টাকা রয়েছে বলে অভিযোগ এনে অবিলম্বে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি তুলেছেন জয়নুল আবদিন ফারুক।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফারুক এই দাবি তোলেন।

তিনি বলেন, ‘‘যেসব সংসদ সদস্য অনির্বাচিত, যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশে বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে, সড়ক-জনপথ বিভাগে দুর্নীতি করেছে, যারা বিচার বিভাগে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেয় নাই’ সে সব অনির্বাচিত সংসদ সদস্যের কিছু আনা-গোনা জনগণ দেখতে পারছে।

“অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করব, আইন নিজের হাতে আমরা তুলে নেব না; আমার নেতা তারেক রহমান বলেছেন। অবিলম্বে তাদের গ্রেপ্তার করুন। 

সদ্য লিপুপ্ত সংসদের সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রেখে ফারুক বলেন, “৭ জানুয়ারির ভোটবিহীন ডামি নির্বাচনে তিনশ এমপির বাসায় হাজার কোটি টাকা পাবেন। তল্লাশি করেন, তদন্ত শুরু করেন সব বেরিয়ে পড়বে। আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত।”

আওয়ামী লীগ সরকারের হাতে নির্মমভাবে নিজের নির্যাতিত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে ফারুক বলেন, “জীবনের বিনিময়ে হলেও ১৬ বছর অত্যাচারী হয়েছি। আর অত্যাচারী হতে চাই না। একটি গণতান্ত্রিক দেশে তারেক রহমানের ভাষায় ‘আমার ভোট আমি দেব’ এই অধিকারের ভিত্তিতে একটি নির্বাচন দেশে হোক। সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে আর কাউকে রাস্তায় আসতে হবে না।”

তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি হয়।

‘ধানমন্ডির বাড়ি আবু সাঈদের নামে নামকরণ করার দাবি’

ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার জন্য বরাদ্ধৃকত বাড়িতে ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের নামে হোস্টেল করার দাবি জানিয়ে সাবেক বিরোধী দলের চিফ হুইপ বলেন, “আমরা বলতে চাই, খালেদা জিয়াকে সরকার বাড়ি দিয়েছিল ক্যান্টমেন্টে। সেদিন আমাদের ঢুকতে দেয়নি, ম্যাডামকে খালি হাতে সরকারের বরাদ্ধ করা বাড়ি থেকে শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসায় বের করে দিয়েছিলেন।”

“আজকে বাংলাদেশে জনগণের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনতার দাবি, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ১০ তলা বানিয়ে ঢাকা কলেজের হোস্টেল তৈরি করে আবু সাঈদের নামে নামকরণ করা হোক।”

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নেমে ১৬ জুলাই গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুতে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে আলোড়ন তৈরি হয়, যা পরবর্তীতে আন্দোলনের গতিমুখ সরকার পতনের দিকে নিয়ে যায়। শেষপর্যন্ত ৫ অগাস্ট সরকার পড়ে যায়। 

‘আজ কোথায় সালমান, কোথায় আনিসুল হক’

সরকারি চাকরিতে কোটা সংস্কার ফারুক বলেব, “শেখ হাসিনা ইতিহাস পড়ে দেখেননি। ইতিহাসের নির্মম পরিহাস। আবু সাঈদ, মুগ্ধের রক্তের বিনিময়ে যে আন্দোলন ঢাকার বুকে হয়েছে, সেই আন্দোলনের মুখে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে।”

বিএনপি চেয়ারপারসন খালেদাজ জিয়ার দুর্নীতি মামলা থেকে মুক্তি পাওয়ার বিষয়ে বিএনপি নেতা ফারুক বলেন, “আজকে শেখ হাসিনা কোথায়? আজকে কোথায় সালমান, কোথায় আনিসুল হক? মুখ ভেংচিয়ে কথা বলতেন আনিসুল হক। আপনি এখন জেলে আর খালেদা জিয়া মুক্ত আকাশের নিচে।”

ভারতের মুখাপেক্ষী না হয়েই বাংলাদেশ চলবে- এই দাবি করে তিনি বলেন, “ বাংলাদেশ একটি স্বাধীন দেশ। কোনো দেশের মুখাপেক্ষী আমরা নই। ভারতকে বলতে চাই, আমরা গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে অনুরোধ জানাব, স্বাধীন দেশের প্রতি সন্মান দেখান।”

বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সহযোগিতা চান ফারুক।

অন্যান্যদের মধ্যে তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিলকিস ইসলাম, মাওলানা শাহ মো. নেছারুল হক বক্তব্য দেন।

প্রবল গণআন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতের চলে যাওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে সভা-সমাবেশে আসছেন বিএনপি নেতারা। তারা আওয়ামী লীগ আমলে নির্যাতন, গুম-খুন ও দুর্নীতি-লুটপাটের বিচার দাবি করছেন।