‘কোনো দেশ কয়েদিকে বিদেশে পাঠায়?’ খালেদার চিকিৎসা প্রসঙ্গে মোমেন
“আমার জানা নাই। আপনি যদি জানতে পারেন, আমরা এটাকে স্বাগত জানাব,” সাংবাদিকদের পাল্টা প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর।
হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে এক প্রশ্নে উল্টো সাংবাদিকের কাছেই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানতে চেয়েছেন, কোনো দেশ তার কয়েদিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় কি না?
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলন নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ওই সাংবাদিকের কাছে এই বিষয়ে তথ্যও চান তিনি।
ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি জানি না, কোনো দেশ ওই দেশের কয়েদিকে বিদেশে পাঠায় কি না, চিকিৎসার জন্য। আপনি জানেন, কোনো দেশ পাঠায়?”
সাংবাদিকদের উদ্দেশে আবারও একই প্রশ্ন রেখে তিনি বলেন, কোনো দেশ পাঠায়, তার দেশের কোনো কয়েদিকে অন্য দেশে চিকিৎসার জন্য? পাঠায় কোথাও? যদি পাঠায়, তাহলে আমাকে বলেন। কিন্তু এ ব্যাপারে আমি জানি না।”
৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা গত ৮ অগাস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তিনি মেডিকেল বোর্ডের ‘নিবিড় পর্যবেক্ষণে’ রয়েছেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন।
দুর্নীতি মামলায় দণ্ড নিয়ে কারাগারে যাওয়া খালেদা জিয়া ২০২০ সালে নির্বাহী আদেশে মুক্তি পেয়ে বর্তমানে গুলশানে তার বাসায় থাকছেন। তবে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানিয়ে আসছে বিএনপি। তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে একাধিকবার আবেদন করা হলেও সাড়া মেলেনি।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দণ্ডিত খালেদা জিয়া যে শর্তে মুক্ত রয়েছেন, তাতে তার বিদেশ যাওয়ার কোনো সুযোগ নেই। আইনমন্ত্রী আনিসুল হক এও বলেছেন, বিদেশ যেতে চাইলে খালেদাকে কারাগারে ফিরে নতুন করে আবেদন করতে হবে।
দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে ‘কঠিন কর্মসূচির’ নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি বুধবার দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তার ভাষায়, খালেদা জিয়ার ‘চিকিৎসা না করে’ সরকার সজ্ঞানে এবং জেনেশুনে তাকে ‘মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে’।
খালেদাকে দেশে ‘সর্বোচ্চ চিকিৎসা’ দেওয়া হচ্ছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “আমরা এখানে, দেশে সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে। আর কয়েদিকে বিদেশে পাঠায় কি না, আমার জানা নাই। আপনি যদি জানতে পারেন, আমরা এটাকে স্বাগত জানাব।”
