বিএনপির চার অঙ্গসংগঠনের উদ্যোগে ছয় জেলায় হবে ‘মেহনতি মানুষের পদযাত্রা’
নোয়াখালীতে ১৫ জুলাই, দিনাজপুরে ১৯ জুলাই, রাজশাহীতে ২৮ জুলাই, যশোরে ৫ অগাস্ট, হবিগঞ্জে ১২ অগাস্ট এবং বরিশালে ১৯ অগাস্ট অনুষ্ঠিত হবে এই পদযাত্রা।
দেশের ছয় জেলা সদরে বিএনপির চার অঙ্গসংগঠনের উদ্যোগে পালন করা হবে ‘মেহনতি মানুষের পদযাত্রা’ কর্মসূচি।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
নোয়াখালীতে ১৫ জুলাই, দিনাজপুরে ১৯ জুলাই, রাজশাহীতে ২৮ জুলাই, যশোরে ৫ অগাস্ট, হবিগঞ্জে ১২ অগাস্ট এবং বরিশালে ১৯ অগাস্ট অনুষ্ঠিত হবে এই পদযাত্রা।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, স্বল্পআয়ের মানুষের দুর্দিন, দুর্নীতি-শোষণ-নির্যাতনের প্রতিবাদে ছয় জেলা সদরে যৌথভাবে পদযাত্রা করবে বিএনপির চার অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল ও মৎস্যজীবী দল।
তিনি বলেন, “বর্তমানে ধনী-গরীবের ব্যবধান চরম পর্যায়ে পৌঁছেছে। স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের জীবনে
নেমে এসেছে ঘোর দুর্দিন। তারা অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছে। একদিকে সীমাহীন দুর্নীতি, লুন্ঠন, স্বেচ্ছাচারিতা, শোষণ-বঞ্চনার প্রকোপ অন্যদিকে মেহনতী মানুষ ‘নুন আনতে পান্তা ফুরায়’ এর মতো সর্বনাশা দুর্দশার মধ্যে নিপতিত হয়েছে। এজন্য দলের পক্ষ থেকে দেশ বাঁচাতে ‘মেহনতী মানুষের পদযাত্রা’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”
এই কর্মসূচি সফল করতে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনকে সমন্বয়ক করে একটি সমন্বয় কমিটি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব প্রমুখ উপস্থিত ছিলেন।
