Published : 07 Jul 2023, 08:16 PM
একদফার আন্দোলনেই ‘সরকারের পতন ঘটবে’ বলে আশাবাদী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘‘আমরা অত্যন্ত আশাবাদী যে, বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে। দেশের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই অবৈধ সরকারকে পরাজিত করে তাদেরকে পদত্যাগ বাধ্য করে এই সংসদ বিলুপ্ত করে- একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে এই সরকারকে জনগণ বাধ্য করবে।
“সে হিসেবে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য আগামী দিনে নতুন একটি সরকার, জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করতে পারব বলে আমরা বিশ্বাস করি।”
শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম-পিপলস পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের পর এক যৌথ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
‘একদফা’ আন্দোলনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘‘যুগতপৎ আন্দোলনের আগামী দিনের কর্মসূচি কী হবে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি। আপনারা জানেন, আমরা কতগুলো দফা দিয়েছিলাম, যেসব দফার ভিত্তিতে আমরা আন্দোলন করছি।
“এটাকে কিভাবে কাছকাছি আনা যায়… এক দফার আন্দোলনটা কবে নাগাদ শুরু করা যায় এবং কবে ঘোষণা করা যায়, কিভাবে শুরু করা যাবে- সেই বিষয়গুলো নিয়ে ডিটেইলস আমরা আলোচনা করেছি।”
গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘‘আজকে যে বৈঠকটা হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে আমরা একমত হয়েছি যে, আমরা খুব দ্রুততম সময়ে একটা যৌথ ঘোষণা আমরা জাতির সামনে উপস্থাপন করব এবং তারপরে আমরা বাংলাদেশব্যাপী একটা গণসম্পৃক্ততা নিয়ে গণআন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা করব।
“এ ব্যাপারে বাংলাদেশে যেমন জনমত সৃষ্টি হয়েছে, আন্তর্জাতিক বলয় থেকেও আমরা যথেষ্ট সাহায্য-সহযোগিতা পাচ্ছি।”
গণফোরামের একাংশের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী ও মহাসচিব আবদুল কাদের এই বৈঠকে উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষে মির্জা ফখরুল ছাড়াও ছিলেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।