১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালেদার বাসায় বালুর ট্রাক: ১১ বছর পর হাসিনাসহ ১১৩ জনের নামে মামলা

২০১৪ সালের সংসদ নির্বাচনের প্রতিবাদে ২৯ ডিসেম্বর বিএনপির ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচির আগে গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক এনে রাখা হয়।

খালেদার বাসায় বালুর ট্রাক: ১১ বছর পর হাসিনাসহ ১১৩ জনের নামে মামলা
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2024, 10:50 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে প্রায় ১১ বছর আগে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মামলা হয়েছে, যাতে আসামি করা হয়েছে শেখ হাসিনাসহ ১১৩ জনকে।

রাজধানীর গুলশান থানায় এ মামলা করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম।

গুলশানের উপ-পুলিশ কমিশনার রিয়াজুল হক শুক্রবার রাতে এ মামলা দায়েরের তথ্য দেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পুলিশের সাবেক কয়েকজন আইজিসহ ১১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

২০১৩ সালের ডিসেম্বরে এক কর্মসূচিকে কেন্দ্র করে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে বালুর ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করার অভিযোগে এ মামলা হয়েছে বলে জানান উপ পুলিশ কমিশনার রিয়াজুল।

মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের সংসদ নির্বাচনের বিরোধীতা করে বিএনপি আন্দোলন শুরু করে এবং বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে। সেসময় আওয়ামী লীগ সরকার সব দাবি প্রত্যাখ্যান করে ভোটারবিহীন নির্বাচন করার প্রস্তুতি নেয়। এর প্রতিবাদে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপি ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচি ঘোষণা করে।

এ কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অংশ নেওয়ার কথা থাকলেও পরিকল্পিতভাবে গুলশানের বাসার সামনে ৫/৬টি বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়ে বলে মামলায় অভিযোগ করা হয়। বলা হয়, এছাড়া পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরাও বাসার সামনে অবস্থান নেয়। 

এ ধরনের কাজ করে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি করা, চলাচলে বাধাদান, অবৈধভাবে আটকে রাখার অভিযোগ আনা হয় মামলায়।

আসামিদের মধ্যে শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পুলিশের সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ ও শহীদুল ইসলাম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম ও ইকবাল বাহার ছাড়াও কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম দেওয়া হয়েছে। অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করার কথা বলা হয়েছে মামলায়।

আবারো সেই বালুর ট্রাক

ফের বালুর ট্রাকখালেদার অফিস ঘিরে দাঙ্গা পুলিশ

কর্মসূচি চলবেখালেদা

বাড়ির ফটকে ক্ষুব্ধ খালেদা যা যা বললেন