১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটের মাঠে অপপ্রচার চালাচ্ছে বিএনপি, ইসিতে অভিযোগ জামায়াতের

“বাউফলে পুলিশের তৎপরতা একদম একপেশে,” বলেন এহসানুল মাহবুব জুবায়ের।

ভোটের মাঠে অপপ্রচার চালাচ্ছে বিএনপি, ইসিতে অভিযোগ জামায়াতের
নির্বাচন ভবনে রোববার ব্রিফিং করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 12:30 AM

Updated : 26 Aug 2026, 02:54 PM

বিএনপির বিরুদ্ধে ভোটের মাঠে অপপ্রচার চালানোসহ নানা অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। 

রোববার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে গিয়ে এসব অভিযোগ জানায়। 

পরে এক ব্রিফিংয়ে জুবায়ের বলেন, “দেশব্যাপী বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে। আমাদের নির্বাচন অফিসগুলোতে বিভিন্ন অজুহাতে পুলিশ রেইড দিচ্ছে। বিশেষ করে ঢাকা-১৫ আসনে, যেখানে আমাদের আমিরে জামায়াতের নির্বাচনি আসন, সেখানে বারবার সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে। 

“নারীদের উপর হামলা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এগুলা একের পর এক হয়ে যাচ্ছে।”

জামায়াতের এই নেতা বলেন, “পটুয়াখালীর বাউফলে আমাদের প্রার্থীর এলাকায় পুলিশের তৎপরতাটা একদম একপেশে। আজও সেখানে হামলা হয়েছে। বাউফলের ওসি চূড়ান্তভাবেই পক্ষপাত করছেন। আমরা বলেছি তাকে অবিলম্বে সেখান থেকে প্রত্যাহারের জন্য। এই ওসি সাহেব থাকলে বাউফলের নির্বাচন সুষ্ঠ হওয়ার কোনো কারণই নেই।”

তিনি আরও বলেন, “বিএনপির পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন অজুহাত খুঁজছেন যে জামাতে ইসলামীর পক্ষ থেকে এত লাখ বোরকা বানানো হচ্ছে। কাল্পনিক এই সমস্ত অভিযোগ। আসলে এ সমস্ত অভিযোগ তারা করছেন এই কারণে, তারা একটা নাটক করতে চাচ্ছেন।”