২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের মুক্তির দাবি বদরুদ্দীন উমরসহ ৬০ শুভাকাঙ্ক্ষীর

তার সুস্থতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিবৃতিদাতারা।

ফখরুলের মুক্তির দাবি বদরুদ্দীন উমরসহ ৬০ শুভাকাঙ্ক্ষীর

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 11:25 PM

Updated : 30 Dec 2022, 07:23 AM

কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবি জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান ৫৬ শিক্ষকসহ ৬০ শুভাকাঙ্ক্ষী। 

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।

বিবৃতিদাতাদের মধ্যে কমিউনিস্ট তাত্ত্বিক বদরুদ্দীন উমর, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের পাশাপাশি অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দীন মাহমুদের মতো ফখরুলের বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠীরাও রয়েছেন।

ফখরুলের জামিন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, “আমরা পারিবারিক সূত্রে জানতে পারলাম যে, তিনি অসুস্থ এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমরা মির্জা আলমগীরের বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতার বিষয়ে উদ্বিগ্ন।”

বিএনপি মহাসচিবের মুক্তি দাবি জানিয়ে বলা হয়, “মির্জা আলমগীর এদেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনীতি করছেন। আমরা দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও বেগবান করার জন্য তার মুক্তি দাবি করছি।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতিও ছিলেন।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন সাবেক গভর্নর সালেহউদ্দীন আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা মাজহারুল হক, অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নাসের বখতিয়ার, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম।

শিক্ষকদের মধ্যে রয়েছেন আনোয়ারউল্লাহ চৌধুরী, মাহবুব উল্লাহ, আহমেদ কামাল, সাইদুর রহমান, আনু মুহাম্মদ, এ টি এম নূরুল আমিন, সদরুল আমীন, সৈয়দ আবুল কালাম আজাদ, আকমল হোসেন, আ ফ ম ইউসুফ হায়দার, তাজমেরী ইসলাম, চৌধুরী আবরার, তাসনিম সিদ্দিকী, দিলারা চৌধুরী, তানজিম উদ্দীন খান, এ বি এম ওবায়দুল ইসলাম, আবদুস সালাম, এম এ মজিদ, মহিউদ্দিন, মামুন আহমেদ, আকতার হোসেন খান, আব্দুর রশীদ, ইয়ারুল কবির, আবুল কালাম সরকার, দিল রওশন জিন্নাত আরা নাজনীন, সাইফদ্দিন, আবদুল করিম, নুরুল আমিন, সিরাজুল ইসলাম, ছিদ্দিকুর রহমান খান, শাফি মো. মোস্তফা, কাজী মাহবুবুর রহমান, দেবাশীষ পাল, আল আমিন, সাইফুল আলম, রেজাউল করিম, নুরুন্নবী, মোহাম্মদ নাজমুস শাহাদাত, মোহাম্মদ নুরুল ইসলাম, শামসুল আলম, কামরুল আহসান, নজরুল ইসলাম, সোমা মমতাজ, এফ নজরুল ইসলাম, মাসুদুল হাসান খান (মুক্তা), সাইদুর রহমান পান্নু, ফজলুল হক, আমজাদ হোসেন, শাহেদ জামান, মতিয়ার রহমান, হাবিবুর রহমান ও রেজাউল করিম।