২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদেরের পর ফখরুলের কাছে ব্রিটিশ দূত

পরবর্তী সংসদ নির্বাচনই ছিল সারাহ কুকের আলোচনার বিষয়বস্তু।

কাদেরের পর ফখরুলের কাছে ব্রিটিশ দূত

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 06:33 PM

Updated : 20 Jul 2023, 06:47 PM

আগামী জাতীয় নির্বাচন কীভাবে হবে, এই প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক দেখা করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে।

বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুই পক্ষের বৈঠক চলে প্রায় দেড় ঘণ্টা।

এ সময় কুকের সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর টিমোথি ডকেট। ফখরুলের সঙ্গে ছিলেন দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সেতু ভবনে কাদেরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কিছু বলেননি সারাহ কুক। ফখরুলের সঙ্গে বৈঠকের পরও বক্তব্য আসে বিএনপির তরফ থেকেই।

আমীর খসরু সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সংসদ, সরকার গঠন হবে… এই কনসার্ন ব্রিটিশ সরকারের সব সময় ছিল। আমরা ওয়েস্ট মিনস্টার (ব্রিটেনের পার্লামেন্টারি সরকার ব্যবস্থা) ফলো করি। এই বিষয়গুলোই আজকের বৈঠকে আলোচনা হয়েছে।”

সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, তিনি কুকের কাছে প্রশ্ন রেখেছেন ব্রিটেনে কীভাবে নির্বাচন হয়, সেখানে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন কি না, তাদের সংসদ ভেঙে দেওয়া হয় কি না, তত্ত্বাবধায়ক নামে কোনো সরকারের আবির্ভাব হয় কি না।

পুরনো খবর:

ব্রিটিশ প্রধানমন্ত্রী ভোটের আগে পদত্যাগ করেন? হাই কমিশনারকে কাদেরের প্রশ্ন

বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে নির্বাচনকালীন সরকার নিয়ে মতবিরোধে ভোটে সব দলের অংশগ্রহণ অনিশ্চয়তায় পড়েছে।

তার মধ্যেই আগের মতো পশ্চিমা কূটনীতিকদের তৎপরতা দেখা যাচ্ছে। তার ধারাবাহিকতায় দুই প্রধান দলের সঙ্গে সারাহ কুকের বৈঠক হল।

ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে আমীর খসরু বলেন, “নতুন করে আজকে বলার কিছু নাই। আমরা একটা কথা বারবার বলছি যে, গণতন্ত্রকামী দেশ যেগুলো আছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মানবাধিকারে-আইনের শাসনে, জীবনের নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে… সবারই কনসার্ন একটা জায়গায়।

“পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশীদারিত্বমূলক নির্বাচন। সেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা, তাদেরও (পশ্চিমা শক্তি) একই প্রত্যাশা।”

বিএনপি নেতা প্রশাসনে রদবদল, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে সহিংসতাসহ নানা বিষয় তুলে ধরেন সাংবাদিকদের কাছে।

Image

ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “গত এক সপ্তাহের প্রেক্ষাপটটা যদি ব্যাখ্যা করি, কত মানুষের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছে, কতজন গ্রেপ্তার হয়েছে, কত মামলা হয়েছে, কোথায় কোথায় ডিসি পোস্টিং হচ্ছে, কোথায় কোথায় পুলিশ অফিসার পোস্টিং হচ্ছে, কোথায় কোথায় টিএনও পোস্টিং হচ্ছে…

“নির্বাচন ছয় মাস পরে। কিন্তু ভোট চুরির প্রকল্প অ্যাকটিভাবে চলছে। গত এক সপ্তাহে চলছে, গত ছয় মাসে চলছে, তার আগেও চলছে… এটার কোনো পরিবর্তন কেউ দেখতে পাচ্ছে না। এজন্য বাংলাদেশে নিরপেক্ষ সরকার ব্যতীত সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।”

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে সারাহ কুকের বৈঠকে ‘অংশগ্রহণমূলক নির্বাচন’ নিয়ে কথা হয়েছে। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী- এই প্রশ্নে আমীর খসরু বলেন, “আওয়ামী লীগের অংশগ্রহণমূলক নির্বাচনে তাগাদা দেওয়ার অর্থটা কী? কিছুটা লজ্জা-শরম থাকাটা তো দরকার, তাই না? এর বেশি কিছু বলতে চাই না।”

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের কথা আপনারা বলছেন তাতে ব্রিটিশ সরকারের সমর্থন আছে কি না- এই প্রশ্নে তিনি বলেন, “সমর্থন তো শুধু গ্রেট ব্রিটেনে না, সারা বিশ্বের প্রত্যেকটি গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশে কেন আসছে, কেন বার্তা দিচ্ছে? কোন প্রতিনিধিত্বমূলক, অংশীদারিত্বমূলক, অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছে? তারা কি অন্য কোনো দেশে যাচ্ছে সাউথ এশিয়াতে? তারা কোথাও যাচ্ছে না।

“কেন আসছে তারা? বাংলাদেশে যে নির্বাচন হয় না… এটা কী বলার অপেক্ষা রাখে? তারা যেভাবে কথাগুলো বলছে এটার অর্থই হচ্ছে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না, বাংলাদেশের জনগণ ভোট দিতে পারছে না, জনগণ তাদের সংসদ ও সরকার নির্বাচন করতে পারছে না। এই পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক দেশগুলো নির্বাচন নিয়ে কথাগুলো বলছে।”

বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হলে এসব প্রশ্নও বা আলোচনা হত না আর ব্রিটিশ হাইকমিশনারও এসে এনিয়ে আলোচনা করতেন না, এমন মন্তব্যও করেন বিএনপি নেতা।

বিদেশিরা নির্দলীয় সরকার নিয়ে কোনো কথা বলছে না বলে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য তুলে ধরা হলে আমীর খসরু বলেন, “নিরপেক্ষ নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হবে না, এটা কে না বোঝে বাংলাদেশে?”