২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের আড়ালে আবার ‘সন্ত্রাসের পথে’ বিএনপি: কাদের

আওয়ামী লীগ নেতা বলেন, “বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র ধারণ ও প্রচার করায় তারা গণমাধ্যমকর্মীদের উপরও ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে।”

আন্দোলনের আড়ালে আবার ‘সন্ত্রাসের পথে’ বিএনপি: কাদের

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষের পরদিন হরতাল ডাকা হয়। এক দিন বিরতি দিয়ে টানা ৭২ ঘণ্টার অবরোধে দ্বিতীয় দিন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে সহিংসতা চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 05:20 PM

Updated : 01 Nov 2023, 05:20 PM

বিএনপি আন্দোলনের নামে ‘সন্ত্রাস করছে’ অভিযোগ করে বলে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটিকে ‘ধ্বংসাত্মক রাজনীতি’ পরিহার করার অনুরোধ করেছেন।

বিএনপি-জামায়াত ও সমমনাদের টানা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনও দেশের নানা প্রান্তে গাড়িতে আগুন, পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপি ৭২ ঘণ্টা অবরোধের নামে নৃশংস হামলা, ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসের ‘মহোৎসবে’ মেতে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, “বিএনপি শুধু সন্ত্রাস চালিয়েই ক্ষান্ত হয়নি, তারা মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে তথ্য-সন্ত্রাস অব্যাহত রেখেছে। যার মধ্য দিয়ে তাদের চিরাচরিত মিথ্যাচার-অপপপ্রচার ও গুজবের প্রকৃত চিত্র ফুটে উঠেছে।”

কাদের বলেন, “মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ভুলণ্ঠিত করার মধ্য দিয়ে সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিল। প্রতিষ্ঠালগ্ন থেকেই উগ্র-সাম্প্রদায়িকতা ও সন্ত্রাস বিএনপির রাজনীতির মূল অস্ত্র। এখন তারা তথাকথিত নিয়মতান্ত্রিক আন্দোলনের আড়ালে পুনরায় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।”

গত ২৮ অক্টোবর ঢাকায় সংঘর্ষের ঘটনায় বিএনপিকে দায়ী করেন আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, “২৮ অক্টোবর তথাকথিত সমাবেশের নামে বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক সংঘটিত তাণ্ডবলীলা গণমাধ্যমে প্রকাশিত ছবি ও সংবাদের মাধ্যমে দেশবাসী প্রত্যক্ষ করেছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকার পরও বিএনপির নেতারা নির্লজ্জভাবে মিথ্যাচার করছে।

“তাদের ক্যাডাররা কীভাবে হাসপাতাল, আইন শৃঙ্খলাবাহিনীর উপর হামলা চালিয়েছে, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের হত্যা করেছে, তার প্রমাণও প্রকাশিত হয়েছে।”

Image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ফাইল ছবি

সাংবাদিকদের ওপর হামলা নিয়েও কাদের বলেন, “তাদের (বিএনপি) সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র ধারণ ও প্রচার করায় তারা গণমাধ্যমকর্মীদের উপরও ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে।

“ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব চিহ্নিত সন্ত্রাসী রবিউল ইসলাম নয়ন প্রেসের ভেস্ট পরে গাড়িতে আগুন দিয়েছিল, যার অভিযোগ বিএনপির পক্ষ থেকে গোয়েন্দা পুলিশের উপর চাপানোর অপচেষ্টা করা হয়েছিল। তাদের শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা ব্যর্থ হয়েছে।”

বিএনপির ‘বেপরোয়া সন্ত্রাসীবাহিনী’ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরও হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, “আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছে এবং অসংখ্য যানবাহনে অগ্নিসংযোগ করেছে।

“তাদের নারকীয় হামলায় লালমনিরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম শাহদাৎ বরণ করেছে, তাদের অগ্নিসন্ত্রাসে একজন নিরীহ পরিবহন শ্রমিক নাইম অসহায়ভাবে মৃত্যুবরণ করেছে। এছাড়াও সারাদেশে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।”

আওয়ামী লীগের হাত ধরেই এদেশে গণতন্ত্রের উন্মেষ, বিকাশ ও প্রতিষ্ঠা হয়েছে বলেও দাবি করেন ক্ষমতাসীন দলের নেতা। তিনি বলেন, “বিএনপি নিজেদেরকে গণতন্ত্রকামী শক্তি হিসেবে দাবি করলেও মজ্জাগতভাবে তারা গণতন্ত্র ও দেশবিরোধী একটি অপশক্তি। এ কারণেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগকে বিএনপি প্রধান শত্রু জ্ঞান করে।”

বিএনপি আন্দোলন নিয়ে ‘বিদেশি প্রভুদের’ করুণা লাভের চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, “অবাধ তথ্য-প্রযুক্তির প্রবাহের এই যুগে একজনকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা সাজিয়ে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল এবং দেশ ও জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছিল, যা জাতির সঙ্গে নির্লজ্জ প্রতারণা ও তাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে চরম বেইমানি।”