সব আসনেই কেন ‘না’ ভোট থাকা দরকার
২০০৮ সালের নির্বাচনে অংশগহণকারী ৩৮টি দলের মধ্যে মাত্র ছয়টি দল ‘না’ ভোটের চেয়ে বেশি ভোট পেয়েছিল।
ভোট দেওয়া নাগরিক অধিকার। কিন্তু বাধ্যতামূলক নয়। অর্থাৎ কেউ যদি ভোট না দেয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। আবার বাংলাদেশের বিদ্যমান নির্বাচন ব্যবস্থায় ন্যূনতম কত ভোট পড়তে হবে বা একজন প্রার্থীর জয়ের জন্য কমপক্ষে কত শতাংশ ভোট পেতে হবে, তারও কোনো বিধান নেই। যে কারণে বিগত দিনে মাত্র ১০ শতাংশ ভোট পেয়েও অসংখ্য লোক এমপি, মেয়র ও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কিন্তু একজন ভোটার যদি দেখেন যে তার আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে কাউকেই তার পছন্দ হচ্ছে না; তিনি যে দলের সমর্থক, সেই দলের প্রার্থীও দুর্বৃত্ত, কিন্তু নাগরিক অধিকার হিসেবে তিনি ভোটও দিতে চান, সেক্ষেত্রে কাউকে ভোট না দিয়ে তিনি ব্যালট পেপারে থাকা ‘না’ ভোটের ওপর সিল দিতে পারবেন।
এই বাস্তবতা মাথায় রেখে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে সদ্যপ্রয়াত এ টি এম শামসুল হুদা, এম সাখাওয়াত হোসেন ও ছহুল হোসাইনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিওর ৩১ ধারায় সংশোধন এনে বিধান করেছিল, প্রতিটি ব্যালট পেপারে বা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রার্থীদের নামের তালিকার শেষে একটি পৃথক ঘর থাকবে, যেখানে ‘না’ ভোটের সুযোগ থাকবে।
ওই অভিজ্ঞতার আলোকে এম সাখাওয়াত হোসেন ২০১৩ সালের সেপ্টেম্বরে একটি জাতীয় দৈনিকে লিখেছিলেন: অনেক রাজনীতিবিদ বিষয়টি (‘না’ ভোট) বাদ দিতে চাপও দিয়েছিলেন, কিন্তু কমিশনের শক্ত অবস্থানের কারণে ওই সময়ে তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশ জারি করলে ‘না ভোট’ স্থান পায়। ওই অধ্যাদেশের ধারা ৩১(৫) (বিবি)-তে অন্তর্ভুক্ত করা হয়, যাতে ব্যালট পেপারের সবশেষের প্রার্থীর স্থানে লেখা থাকবে ‘ওপরের কাউকে নয়’ এবং ভোটারদের সহজ পরিচিতির জন্য মার্কা রাখা হয় ‘ক্রস’ (X)। শুধু ওই ধারাতেই নয়, এ প্রক্রিয়ায় কোনো সংসদীয় এলাকায় ৫০ শতাংশের ওপরে ভোট প্রদান করা হলে পুনরায় নির্বাচন করার বিষয়টি নতুন ধারা ৪০এ-তে সংযুক্ত করা হয়েছিল। (প্রথম আলো, ৩০ সেপ্টেম্বর ২০১৩)।
নির্বাচন কমিশনের প্রতিবেদন বলছে, যে বছর ‘না’ ভোটের বিধানটি করা হয়, সে বছরই অর্থাৎ ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ‘না’ ভোট পড়েছিল ৩ লাখ ৮১ হাজার ৯২৪ ভোট, যা প্রদত্ত ভোটের ০.৫৫ শতাংশ। সবচেয়ে বেশি ৩২ হাজার ৬৪টি ‘না’ ভোট পড়েছিল পার্বত্য রাঙামাটি আসনে। তবে কোনো আসনেই পুনঃনির্বাচন হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ‘না’ ভোট পড়েনি।
ওই নির্বাচনে ৩৮টি দল অংশগ্রহণ করলেও মাত্র ছয়টি দল ‘না’ ভোটের শতাংশের চেয়ে বেশি ভোট পেয়েছিল। এর মধ্যে আওয়ামী লীগ ৪৮.০৪, বিএনপি ৩২.৫০, জাতীয় পার্টি ৭.০৪, জামায়াত ৪.৭০, ইসলামী আন্দোলন বাংলাদেশ ০.৯৪ এবং জাসদ ০.৭২ শতাংশ ভোট পেয়েছিল। অর্থাৎ ‘না ভোট’ ছিল সপ্তম স্থানে।
অন্যদিকে ‘না’ ভোটের চেয়েও কম ভোট পেয়েছিল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সিপিবি, এলডিপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বিকল্পধারা বাংলাদেশ, জাকের পার্টি, ইসলামী ঐক্যজোট, গণফোরাম, বাংলাদেশ কল্যাণ পার্টিসহ অন্য দলগুলো। (বাংলাদেশের নির্বাচনি ব্যবস্থা ও ফলাফল, ঐতিহ্য/২০২৩, পৃ. ৬৫২)।
যদিও নবম সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পরে এই বিধানটির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট হয় এবং আদালতের রায়ের আলোকে পুনরায় আরপিও সংশোধন করে না ভোটের বিধান বাতিল করা হয়। এ বিষয়ে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের তখন বলেছিলেন, আদালত ‘না’ ভোটের বিধান বাতিল করলেও তা আবার চালু করতে নির্বাচন কমিশন সুপারিশ করবে।
ধরা যাক ঢাকা-১ আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী। এর মধ্যে ক প্রার্থী পেলেন ১০০ ভোট, খ ৯০ ভোট, গ ৩০ ভোট, অন্যরা আরও কম। কিন্তু ‘না’ ভোট পড়ল ১২০টি। তখন কি খ-এর চেয়ে ক প্রার্থী ১০ ভোট বেশি পেয়েছেন বলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে, নাকি ক-এর চেয়েও ‘না’ ভোটে ২০টি সিল বেশি পড়েছে বলে ওই আসনের ফলাফল বাতিল করে নতুন করে ভোট নেওয়া হবে? কেননা, সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর চেয়েও ‘না’ ভোট বেশি পড়ার অর্থ হলো ওই আসনের কোনো প্রার্থীর পক্ষেই অধিকাংশ ভোটারের সমর্থন নেই। যদি না থাকে তাহলে তাকে বিজয়ী ঘোষণা করার কোনো যুক্তি নেই। অতএব সেখানে পুনরায় নির্বাচন হবে—এটিই যুক্তিযুক্ত।
কিন্তু এবারের নিয়ম কিছুটা ভিন্ন। এবার সব আসনে না ভোট থাকবে না। বরং কোনো আসনে একের বেশি প্রার্থী না থাকলে সেখানে ব্যালট পেপারে ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে। ‘না’ ভোটের সংখ্যা ওই প্রার্থীর ভোটের চেয়ে বেশি হলে সেখানে নতুন করে নির্বাচন হবে। (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ১৬ অগাস্ট ২০২৫)।
নির্বাচনি আইন আরপিও সংশোধনের কথা উল্লেখ করে গত সোমবার (১১ অগাস্ট) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেছেন, যদি কোথাও একজন প্রার্থী হন, যিনি বিনা ভোটে নির্বাচিত হবেন, এক্ষেত্রে ‘না’ ভোট থাকবে। যদি ‘না’ ভোট বেশি হয়, তাহলে ফের নির্বাচন হবে। পরের নির্বাচনেও যদি একক প্রার্থী থাকে, তবে আর ভোট হবে না। ওই প্রার্থীই নির্বাচিত হবেন। এটি যুক্তিযুক্ত নয়। কেননা ২০ কোটি মানুষের দেশে কোনো একটি আসনে একজনের বেশি প্রার্থী থাকবে না, এটি হতে পারে না। যে বাস্তবতায় এতদিন অনেক আসনে একজন করে প্রার্থী ছিলেন এবং ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ জন্য প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, সেই বাস্তবতা বা নির্বাচনের নামে এমন রসিকতা ঠেকানোর চেষ্টা অবশ্যই থাকতে হবে।
ইসির এই সিদ্ধান্তের কারণ হলো নির্বাচনে একক প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া বন্ধ করা। এটি ভালো উদ্যোগ। কিন্তু কোনো আসনে যদি একাধিক প্রার্থী থাকেন এবং সংখ্যাগরিষ্ঠ ভোট ‘না’ হয়, সেক্ষেত্রে সেখানে পুনরায় নির্বাচন হবে। কিন্তু ‘না’ ভোটের বিধান সব আসনেই থাকা দরকার।
প্রসঙ্গত, বাংলাদেশ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম, যেখানে ব্যালট পেপারে ‘না’ ভোটের বিধান যুক্ত করা হয়েছিল। আর প্রায় চার বছর ধরে ঝুলে থাকার পর ২০১৩ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের সুপ্রিম কোর্ট ‘না’ ভোটের এই অধিকারকে স্বীকৃতি দিয়ে বলেছিলেন, ‘একটি নির্বাচনি এলাকার ভোটারদের অধিকার রয়েছে তার এলাকার কোনো প্রার্থী পছন্দ না হলে ‘না ভোটের’ মাধ্যমে সবাইকে প্রত্যাখ্যান করার। একই সঙ্গে নির্বাচন কমিশনকে ব্যালট পেপারে অথবা ইভিএমের শেষের অংশে ও বোতামে রাখতে হবে ‘‘ওপরের কাউকে নয়’’ ভোটারদের জন্য বিকল্প।’
বাংলাদেশে কেন ‘না’ ভোট কেন সব আসনে থাকা দরকার? এক কথায় উত্তর হলো, রাজনৈতিক দলগুলোকে জবাবদিহি ও চাপের মধ্যে রাখার জন্য এই পদ্ধতি থাকা দরকার—যাতে তারা প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সতর্ক থাকে। যাতে তারা পয়সা খেয়ে যাকে-তাকে প্রার্থী না বানায়। যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদেরকেই মনোনয়ন দেয়। যাতে তারা চিহ্নিত দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দুর্বৃত্ত, পরিবেশ ধ্বংস করে টাকার পাহাড় গড়ে তোলা লোকদের নির্বাচনে প্রার্থী করতে না পারে। যাতে তারা এমন প্রার্থী না দেয় যাকে ভোট দেয়ার বদলে মানুষ ব্যালটের ‘না’ ঘরে চিহ্ন দিয়ে তাদের প্রত্যাখ্যান করে। অর্থাৎ সমগ্রিকভাবে রাজনীতি ও নির্বাচনি সংস্কৃতি পরিবর্তনের জন্যই ব্যালট পেপারে না ভোট থাকা প্রয়োজন।
যদিও পৃথিবীর কতগুলো দেশে ‘না’ ভোট আছে—এমন প্রশ্ন তুলে অনেকেই হয়তো এই বিধানের বিপক্ষে বলবেন। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর কোন দেশের নির্বাচনে ‘অর্ধেকের বেশি আসনে বিনাপ্রদ্বিন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন? পৃথিবীর কোন দেশে ত্যাগী নেতাদের বাদ দিয়ে শুধুমাত্র টাকাওয়ালা ও দুর্বৃত্তদের প্রার্থী করা হয়? পৃথিবীর কোন দেশে উচ্চপদে সরকারি চাকরি করে সারাজীবন রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ-সুবিধা ভোগ করে অবসরে যাওয়ার পরে বছরের পর বছর দলের জন্য কাজ করা নেতাদের ল্যাং মেরে কোনো একটি দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করে এমপি-মন্ত্রী হয়ে আবারও হাজার কোটি টাকা কামানোর সুযোগ আছে? সুতরাং অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনি সংস্কৃতি যেহেতু মেলে না, অতএব সেই যুক্তি ‘না’ ভোটের বিধান রাখাটাও অযৌক্তিক নয়।
