Published : 05 May 2026, 06:29 AM
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গত প্রায় দুই বছর ধরে বিশেষত ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে যে বিদেশি রাজনৈতিক দলের বিষয়টি বিশেষভাবে উচ্চারিত হচ্ছে, তা হলো জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি পার্টির নিষিদ্ধকরণ। নাৎসি পার্টি কীভাবে নিষিদ্ধ হলো, তার পেছনের ইতিহাস কী এবং কোন মতাদর্শ এই দলকে জন্ম দিয়েছিল—এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী জার্মানির গভীর সংকটময় সময়ে। নাৎসি পার্টির ভিত্তি যে মতাদর্শের ওপর গড়ে উঠেছিল, সেই নাৎসিবাদ কেবল একটি রাজনৈতিক দর্শন নয়—এটি ছিল বর্ণবাদ, ঘৃণা, সামরিকতন্ত্র ও একনায়কতন্ত্রের এক চরম সমন্বয়, যার বিষাক্ত প্রভাব থেকে আজও বিশ্বের বিভিন্ন প্রান্ত মুক্ত নয়।
এই মতবাদকে সামগ্রিকভাবে বুঝতে হলে কেবল এর আইনি প্রক্রিয়া নয়, বরং এর দার্শনিক উৎস, সমাজতাত্ত্বিক গতিশীলতা এবং মনোবিশ্লেষণমূলক মাত্রাগুলোকেও একসঙ্গে বিবেচনা করা জরুরি—কীভাবে এই মতবাদের জন্ম হয়েছিল, কীভাবে তা একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে ধ্বংস করেছিল, কীভাবে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছিল এবং কীভাবে শেষ পর্যন্ত এই দলকে নিষিদ্ধ করা হয়েছিল।
নাৎসিবাদের দার্শনিক ভিত্তি ও রাজনৈতিক উত্থান
নাৎসিবাদের বীজ রোপিত হয় ঊনবিংশ শতাব্দীর ইউরোপীয় বুদ্ধিবৃত্তিক আন্দোলনের সময়ে। জার্মান দার্শনিক যোহান গটলিব ফিখটের জাতীয়তাবাদী দর্শন, গেয়র্গ ভিলহেল্ম ফ্রিডরিখ হেগেলের রাষ্ট্রকেন্দ্রিক চিন্তা এবং আর্থার ডি গোবিনোর বর্ণবাদী তত্ত্ব—এই তিনটি ধারা একত্র হয়ে নাৎসি মতবাদের দার্শনিক ভিত্তি তৈরি করে। গোবিনো তার An Essay on the Inequality of the Human Races গ্রন্থে আর্য জাতির শ্রেষ্ঠত্বের যে মিথ তৈরি করেছিলেন, তা পরবর্তীকালে হিটলারের ভাবাদর্শের কেন্দ্রে স্থান পায়। জার্মান সুরকার ভিলহেল্ম রিচার্ড ওয়াগনারের জামাতা, হিউস্টন স্টুয়ার্ট চেম্বারলেন তার Foundations of the Nineteenth Century গ্রন্থে ইহুদি-বিদ্বেষকে একটি ছদ্ম-বৈজ্ঞানিক ভিত্তি দিয়েছিলেন, যা নাৎসি মতবাদ গ্রহণ করেছিল অত্যন্ত আগ্রহের সঙ্গে। ফ্রেডরিখ নিটশের ‘Übermensch’ বা অতিমানবের ধারণাকেও—যদিও নিটশে নিজে জাতীয়তাবাদ ও বর্ণবাদের বিরোধী ছিলেন—নাৎসিরা বিকৃত করে নিজেদের আদর্শের অনুকূলে ব্যবহার করেছিল।
প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় এবং ১৯১৯ সালের ভার্সাই চুক্তির অপমানজনক শর্তাবলি নাৎসিবাদের জন্য সবচেয়ে উর্বর রাজনৈতিক ক্ষেত্র তৈরি করেছিল। যুদ্ধের পরবর্তী বছরগুলোতে ভাইমার প্রজাতন্ত্র ব্যাপক অর্থনৈতিক সংকট, হাইপারইনফ্লেশন এবং রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হয়। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ১৯২০ সালে আডলফ হিটলার ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা NSDAP গঠন করেন, যা সংক্ষেপে নাৎসি পার্টি নামে পরিচিত হয়। হিটলারের রাজনৈতিক প্রতিভা ছিল জনমানসের হতাশা ও ক্রোধকে একটি নির্দিষ্ট শত্রুর বিরুদ্ধে পরিচালিত করবার ক্ষমতা। হিটলার ছিলেন ‘ক্যারিশম্যাটিক অথরিটি’র এক ক্লাসিক উদাহরণ। ম্যাক্স ওয়েবারের ভাষায়, ক্যারিশম্যাটিক নেতা সংকটময় সময়ে জনগণের আবেগকে সংগঠিত করে, যুক্তির বদলে প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে ক্ষমতা অর্জন করে। হিটলার ঠিক সেটাই করেছিলেন। তিনি ইহুদি, কমিউনিস্ট এবং বহিরাগতদের জার্মানির সমস্ত দুর্দশার জন্য দায়ী করে একটি সরল কিন্তু বিপজ্জনক আখ্যান তৈরি করেছিলেন।

১৯২৩ সালে হিটলার ‘Beer Hall Putsch’ নামে একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করেন এবং কারাবন্দি হন। কারাগারে থাকাকালীন তিনি Mein Kampf রচনা করেন, যা নাৎসি মতবাদের মূল দলিল হিসেবে পরিচিত। এই গ্রন্থে তিনি জার্মান জাতির শ্রেষ্ঠত্ব, ইহুদি-বিদ্বেষ, ‘Lebensraum’ বা জার্মান ‘জাতির’ টিকে থাকার জন্য পূর্ব ইউরোপ দখলের আকাঙ্ক্ষা এবং গণতন্ত্রের প্রতি গভীর ঘৃণা প্রকাশ করেছিলেন। ১৯২৯ সালের মহামন্দা নাৎসি পার্টির উত্থানকে ত্বরান্বিত করে। লাখ লাখ জার্মান বেকারত্ব ও দারিদ্র্যের মুখোমুখি হওয়ার সঙ্গে সঙ্গে নাৎসিদের জনসমর্থন দ্রুত বৃদ্ধি পায়। ১৯৩২ সালের নির্বাচনে নাৎসি পার্টি রাইখস্টাগের বৃহত্তম দলে পরিণত হয় এবং ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি হিটলার জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন।
ক্ষমতায় আসার পর হিটলার দ্রুততার সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে শুরু করেন। ১৯৩৩ সালের ফেব্রুয়ারিতে রাইখস্টাগ ভবনে আগুন লাগার ঘটনায় কমিউনিস্টদের অভিযুক্ত করে হিটলার জরুরি ক্ষমতা অধিগ্রহণ করেন। মার্চ মাসে ‘Enabling Act’ পাস করা হয়, যা হিটলারকে সংসদকে পাশ কাটিয়ে আইন প্রণয়নের সীমাহীন ক্ষমতা প্রদান করে। রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হয়, ট্রেড ইউনিয়ন ভেঙে দেওয়া হয় এবং মিডিয়াকে সম্পূর্ণরূপে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। ১৯৩৪ সালে রাষ্ট্রপতি হিন্ডেনবার্গের মৃত্যুর পর হিটলার চ্যান্সেলর ও রাষ্ট্রপতির পদ একীভূত করে ‘Führer’ উপাধি গ্রহণ করেন।
নাৎসি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিস্তৃতি

নাৎসি শাসনের সবচেয়ে ভয়াবহ দিক ছিল ‘Holocaust’ বা হোলোকাস্ট—মানব ইতিহাসের সুপরিকল্পিত গণহত্যার অন্যতম নৃশংস উদাহরণ। ১৯৩৫ সালের নুরেমবার্গ আইন ইহুদিদের জার্মান নাগরিকত্ব থেকে বঞ্চিত করে এবং ইহুদি ও অ-ইহুদিদের মধ্যে বিবাহ নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৩৮ সালের ৯-১০ নভেম্বরে ‘Kristallnacht’ বা ‘ভাঙা কাচের রাতে’ সারা জার্মানিতে ইহুদিদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় আক্রমণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর নাৎসিরা ইহুদি নিধনকে একটি রাষ্ট্রীয় নীতিতে পরিণত করে। ১৯৪২ সালের ওয়ানসি কনফারেন্সে ইহুদিদের সম্পূর্ণ নির্মূলের ‘চূড়ান্ত সমাধান’ বা ‘Endlösung’ পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।
অশউইৎজ, ট্রেব্লিঙ্কা, সোবিবোর, বেলজেক, চেলমনো এবং মাজদানেকসহ বিভিন্ন মৃত্যু শিবিরে গ্যাস চেম্বারে পদ্ধতিগতভাবে লাখ লাখ মানুষকে হত্যা করে নাৎসিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগে ছয় মিলিয়ন বা ষাট লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল—যা তৎকালীন ইউরোপের মোট ইহুদি জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ। এই সংখ্যার মধ্যে পোল্যান্ডের তিন মিলিয়ন, সোভিয়েত ইউনিয়নের প্রায় দেড় মিলিয়ন এবং হাঙ্গেরির পাঁচ লাখেরও বেশি ইহুদি ছিল।
ইহুদিদের পাশাপাশি রোমা জনগোষ্ঠীও ভয়াবহ গণহত্যার শিকার হয়েছিল। রোমারা ‘Porajmos’ নামে পরিচিত তাদের নিজস্ব গণহত্যার কথা স্মরণ করে, যেখানে ইউরোপের মোট রোমা জনসংখ্যার পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ—অর্থাৎ পাঁচ থেকে ১০ লাখ মানুষ—নাৎসিদের হাতে প্রাণ হারিয়েছিল। তবে সংখ্যাটি নির্দিষ্টভাবে জানা কঠিন, কারণ নাৎসিরা রোমা জনগোষ্ঠীর তথ্য পদ্ধতিগতভাবে নথিবদ্ধ করত না এবং যুদ্ধোত্তর ইউরোপেও তাদের গণহত্যা দীর্ঘ সময় স্বীকৃতি পায়নি। এছাড়া যৌন সংখ্যালঘু, মানসিক প্রতিবন্ধী, রাজনৈতিক বিরোধী, সোভিয়েত যুদ্ধবন্দি এবং স্লাভিক জনগোষ্ঠীও নাৎসি নিপীড়নের শিকার হয়েছিল। সব মিলিয়ে ১১ মিলিয়ন বা এক কোটি ১০ লাখেরও বেশি মানুষ নাৎসিদের পরিকল্পিত গণহত্যার শিকার হয়েছিল বলে ঐতিহাসিকরা মনে করেন।
জার্মানির বাইরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নাৎসি বাহিনী পোল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, গ্রিস, যুগোস্লাভিয়া এবং সোভিয়েত ইউনিয়নে নৃশংস অত্যাচার চালায়। সোভিয়েত ইউনিয়নে ‘অপারেশন বারবারোসা’র সময় লাখ লাখ সোভিয়েত নাগরিককে হত্যা, দাস শ্রমে বাধ্য এবং ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হয়েছিল। সোভিয়েত যুদ্ধবন্দিদের মধ্যে প্রায় ৩৩ লাখ মারা গিয়েছিলেন জার্মান বন্দিত্বে—যা সমগ্র যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের মোট মৃত্যুর সংখ্যাকে আনুমানিক ২ কোটি ৭০ লাখে নিয়ে গিয়েছিল। পোল্যান্ডে নাৎসিরা সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবী, পাদরি ও পেশাদার শ্রেণিকে হত্যা করেছিল জাতিকে নেতৃত্ব এবং মেধা শূন্য করার জন্য।
নাৎসি পার্টির নিষেধাজ্ঞা ও সমসাময়িক নব্য-নাৎসিবাদের পুনরুত্থান

১৯৪৫ সালের মে মাসে সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমা মিত্র বাহিনীর সম্মিলিত আক্রমণে জার্মানি আত্মসমর্পণ করে। হিটলার ৩০ এপ্রিল ১৯৪৫ সালে বার্লিনের বাঙ্কারে আত্মহত্যা করেন। যুদ্ধের পরপরই মিত্র বাহিনী—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন—জার্মানিকে চার ভাগে বিভক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং নাৎসিবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য ‘Denazification’ বা নাৎসিমুক্তকরণ কার্যক্রম শুরু করে। ১৯৪৫ সালের অক্টোবরেই মিত্র বাহিনীর নিয়ন্ত্রণ পরিষদ (Allied Control Council) নাৎসি পার্টি এবং এর সকল অঙ্গ সংগঠনকে আইনগতভাবে বিলুপ্ত এবং নিষিদ্ধ ঘোষণা করে। মিত্র বাহিনীর নিয়ন্ত্রণ পরিষদ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে শাসন ও পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন কর্তৃক গঠিত একটি যৌথ প্রশাসনিক কর্তৃপক্ষ।

১৯৪৫-৪৬ সালে নুরেমবার্গ ট্রাইব্যুনালে নাৎসি নেতৃত্বের বিচার করা হয়—যা আন্তর্জাতিক আইনের ইতিহাসে একটি মাইলফলক। হেরমান গোরিং, জোয়াকিম ভন রিবেন্ট্রপ, এরনেস্ট কাল্টেনব্রুনারসহ ১২ জন প্রধান যুদ্ধাপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীকালে পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি উভয়ই তাদের সংবিধান ও আইনে নাৎসিবাদ প্রচার, হোলোকাস্ট অস্বীকার এবং নাৎসি প্রতীক ব্যবহারকে ফৌজদারি অপরাধ হিসেবে নির্ধারণ করে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত পশ্চিম জার্মানির মৌলিক আইন বা ‘Grundgesetz’ মানব মর্যাদা, গণতন্ত্র ও আইনের শাসনকে অলঙ্ঘনীয় মূল্যবোধ হিসেবে সংবিধানের কেন্দ্রে স্থাপন করে—এটি ছিল নাৎসিবাদের বিপরীতে একটি সাংবিধানিক প্রতিরোধ কাঠামো। একইসঙ্গে, জার্মান সংবিধানের ২১ অনুচ্ছেদে বলা হয় যে যেসব দল গণতান্ত্রিক মূল্যবোধকে উৎখাত করতে চায়, তাদের সাংবিধানিক আদালত কর্তৃক নিষিদ্ধ করা যাবে—এই ক্ষমতা ব্যবহার করে ১৯৫২ সালে নব্য-নাৎসি Socialist Reich Party (SRP) এবং ১৯৫৬ সালে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়। আজকের একীভূত জার্মানিতে নাৎসি প্রতীক প্রদর্শন, হিটলার সালাম (Heil Hitler), হোলোকাস্ট অস্বীকার—সবই ‘Volksverhetzung’ বা জনসাধারণের মধ্যে ঘৃণা ছড়ানোর অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।

বর্তমান বিশ্বে কোনো দেশেই নাৎসি পার্টি আইনগতভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। তবে নাৎসি মতবাদ ভিন্ন ভিন্ন নামে এবং কিছুটা পরিবর্তিত রূপে বিশ্বের নানা প্রান্তে পুনরুজ্জীবিত হচ্ছে। এই নব্য-নাৎসি বা Neo-Nazi আন্দোলন মূল নাৎসিবাদের মতো সরাসরি পরিচয় না দিলেও বর্ণবাদ, ইহুদি-বিদ্বেষ, অভিবাসন-বিরোধিতা এবং কর্তৃত্ববাদী শাসনের পক্ষে একই ধরনের বক্তব্য প্রচার করে। মার্কিন যুক্তরাষ্ট্রে National Alliance, Aryan Nations, আমেরিকান নাৎসি পার্টি এবং সম্প্রতিককালের Patriot Front ও Proud Boys-এর মতো দল এবং সংগঠন প্রকাশ্যে সক্রিয় রয়েছে যারা শ্বেতাঙ্গ আধিপত্যবাদী আদর্শকে ধারণ করে।
নাৎসি পার্টি যুক্তরাষ্ট্রে বৈধ থাকার কারণ হলো মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী—যা মতপ্রকাশ, সমাবেশ ও সংগঠনের স্বাধীনতাকে অত্যন্ত শক্তভাবে সুরক্ষা দেয়। যুক্তরাষ্ট্রে কোনো মতাদর্শ বা বিশ্বাসকে নিষিদ্ধ করা যায় না, সেটা যতই ঘৃণামূলক বা আপত্তিকর হোক। যুক্তরাষ্ট্রে মতাদর্শ বৈধ—অবৈধ হলো সহিংসতা বা অপরাধ। তাই শুধুমাত্র মতাদর্শের কারণে সরকার এসব দল এবং সংগঠনকে নিষিদ্ধ করতে পারে না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর এক ধরনের ঘনিষ্ঠ পর্যবেক্ষণ এ সমস্ত দল এবং সংগঠনের কার্যক্রমের প্রতি রয়েছে। ২০১৭ সালে ভার্জিনিয়ার শার্লটসভিলে চরম‑ডানপন্থীদের ‘Unite the Right’ সমাবেশ এই আন্দোলনের পুনরুত্থানকে আন্তর্জাতিক মনোযোগে নিয়ে আসে।
ইউরোপে পরিস্থিতি আরো জটিল। গ্রিসে ‘Golden Dawn’ বা সোনালি ভোর দলটি—যার প্রতীক ছিল স্বস্তিকা সদৃশ—২০১৫ সালে গ্রিক পার্লামেন্টে ১৮টি আসন পেয়েছিল। পরে ২০২০ সালে আদালত এই দলকে একটি অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করে এর নেতৃত্বকে দণ্ডিত করে। হাঙ্গেরির সদ্য পরাজিত প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের সরকারের জাতীয়তাবাদী অবস্থান নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। ফ্রান্সে ‘Rassemblement National’, ইটালিতে ‘CasaPound’, জার্মানিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (NPD) এবং ‘Alternative für Deutschland’ বা AfD নামে দলগুলো চরম জাতীয়তাবাদী আদর্শ বা অনেকটা ফ্যাসিবাদী ধারার মতবাদ প্রচার করে থাকে। রাশিয়াতে ‘Russian National Unity’ এবং ইউক্রেইনে ‘Azov Battalion’-এর মতো সংগঠনগুলো নাৎসি প্রতীক ও আদর্শ ব্যবহার করার অভিযোগে বিতর্কিত।
নব্য-নাৎসিবাদের পুনরুত্থানের পেছনে বেশ কিছু কারণ বিদ্যমান। বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্যের বৃদ্ধি, অভিবাসন-বিরোধী সেন্টিমেন্ট, সামাজিক মাধ্যমে চরমপন্থী বক্তব্যের সহজে প্রচার ও প্রসার এবং মূলধারার রাজনীতির নানাবিধ ব্যর্থতার ফলে এর প্রতি ব্যাপক মানুষের মোহভঙ্গ—এসব কিছুর ফলে নাৎসি ধারার অতি জাতীয়তাবাদের রাজনীতি আবার ফিরে আসছে। ইন্টারনেট এবং ডার্ক ওয়েব নব্য-নাৎসিদের জন্য সংগঠিত হওয়া এবং মতবাদ প্রচারের নতুন সুযোগ তৈরি করছে।
নাৎসিবাদের ইতিহাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো: একটি গণতান্ত্রিক ব্যবস্থার ভেতর থেকেও কীভাবে একটি সর্বগ্রাসী কর্তৃত্ববাদী শাসনের উত্থান হতে পারে। হিটলার সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নয়, বরং বৈধ নির্বাচনি প্রক্রিয়ার মাধ্যমেই ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় এসে একে একে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে ভেঙে দিয়েছিলেন। ইতিহাসের এই অন্ধকার অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে গণতন্ত্র, মানবাধিকার ও বহুত্ববাদ রক্ষার সংগ্রাম একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের রাজনৈতিক অভিযাত্রাও বহুবার নানা সংকটে বিপর্যস্ত হয়ে কর্তৃত্ববাদের দিকে ঝুঁকেছে। এই প্রেক্ষাপটে একটি মৌলিক তাত্ত্বিক প্রশ্ন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে—গণতন্ত্র কীভাবে কর্তৃত্ববাদী প্রবণতা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারে?
কার্ল লোয়েনস্টাইন এই প্রশ্নের উত্তরে বলেছিলেন—সতর্ক কিন্তু দৃঢ় আত্মরক্ষাই গণতন্ত্রের প্রধান অস্ত্র। হান্না আরেন্ডটের দৃষ্টিতে—রাজনৈতিক অংশগ্রহণ ও নাগরিক দায়বদ্ধতাই গণতন্ত্রকে জীবন্ত রাখে। আর জিগমুন্ট বাউমানের মতে—আমলাতান্ত্রিক নৈতিক দায়মুক্তির বিপরীতে ব্যক্তিগত নৈতিক দায়িত্বের পুনরুদ্ধারই হলো মানবিক সমাজ রক্ষার শর্ত। নাৎসিবাদের ইতিহাস থেকে এই তিনটি পাঠই সমানভাবে তাৎপর্যপূর্ণ—আইনি কাঠামো, সামাজিক সচেতনতা এবং ব্যক্তিগত নৈতিক দায়িত্ব—এই তিনের সমন্বয়েই গড়ে ওঠে কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে প্রকৃত প্রতিরোধ; আর সেখানেই নিহিত রয়েছে গণতন্ত্রকে সুরক্ষিত রাখার মূল চাবিকাঠি।