১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

দীপকে ও ধ্রুব ছাড়া ৩ হাজার বিক্ষোভকারীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

মুক্তি পাওয়া আন্দোলনকারীদের তালিকায় কেজরিওয়াল ও মমতাসহ সাবেক চার মুখ্যমন্ত্রী রয়েছেন।

দীপকে ও ধ্রুব ছাড়া ৩ হাজার বিক্ষোভকারীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 11:48 PM

Updated : 10 Oct 2026, 11:54 PM

ভারতের নয়া দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমে আটক হওয়া প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে ছেড়ে দিয়েছে পুলিশ।

মুক্তি পাওয়া আন্দোলনকারীদের তালিকায় অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়সহ সাবেক চার মুখ্যমন্ত্রীও রয়েছেন।

তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষস্থানীয় দুই নেতা অভিজিৎ দীপকে ও ধ্রুব রাঠি এখনও পুলিশের হেফাজতে রয়েছেন বলে শনিবার রাতে এনডিটিভির খবরে বলা হয়েছে।

দাবি আদায়ে এদিন নয়া দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়ার ঘোষণা আগেই দিয়েছিল সিজেপি। তাদের কর্মসূচি ঘিরে দিল্লিজুড়ে ব্যাপক পুলিশি অভিযান চালানো হয়।

এনডিটিভি লিখেছে, এসব অভিযানে অন্তত ৩ হাজার আন্দোলনকারীকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন চার সাবেক মুখ্যমন্ত্রী— আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থি রাজনীতিক পিনারাই বিজয়ন ও মানিক সরকার।

এনডিটিভি লিখেছে, রোববারও দিল্লিতে একই পরিস্থিতি দেখা যেতে পারে। কারণ সিজেপি প্রতিদিনই যন্তর মন্তরে মিছিল করার ঘোষণা দিয়ে রেখেছে। অন্যদিকে সোমবার সোমবার বিক্ষোভের ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও।

অন্যদিকে পুলিশ বলেছে, কঠোর নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে।