১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বিক্ষোভের আগেই ‘ককরোচ’ প্রতিষ্ঠাতা দীপকে ও ইউটিউবার ধ্রুব রাঠী আটক

আটক হওয়ার সময় অভিজিৎরা ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দেন।

বিক্ষোভের আগেই ‘ককরোচ’ প্রতিষ্ঠাতা দীপকে ও ইউটিউবার ধ্রুব রাঠী আটক

অভিজিৎ দীপকে ও ধ্রুব রাঠী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 12:33 PM

Updated : 10 Oct 2026, 12:48 PM

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে নয়া দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভের আগে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও দেশটির জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করেছে পুলিশ।

হিন্দুস্তান টাইমস লিখেছে, শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে অভিজিৎকে আটক করা হয়। তার সঙ্গে থাকা সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কারা নামের দুজনকে আটক করেছে পুলিশ। এসময় তারা ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দেন।

দীপকেদের উড়োজাহাজ নামতেই তৎপর হয়ে ওঠে পুলিশ। নারী সদস্যসহ পুলিশের একটি দল আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিল।

দীপকেসহ সিজেপি নেতারা উড়োজাহাজ বসেই ইনস্টাগ্রামে ‘লাইভ’ করেন। সরাসরি সেই সম্প্রচারে তাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হতে দেখা যায়। দীপকে জানিয়ে দেন, গ্রেপ্তার হবেন জেনেই তিনি দিল্লিতে এসেছেন।

এর আগে হরিয়ানার গুরুগ্রামের ৫৬ নম্বর সেক্টরের বাসা থেকে ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করে দিল্লি পুলিশ। যন্তর মন্তরে সিজেপি আয়োজিত সমাবেশে যোগ দিতে তিনি সেখানে অবস্থান করছিলেন।

এনডিটিভি লিখেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ধারালো সমালোচক হিসেবে পরিচিত ধ্রুব রাঠী চলতি সপ্তাহের শুরুতেই জার্মানি থেকে ভারতে ফেরেন এবং ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপির সমাবেশে যোগ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিশাল অনুসারী রয়েছে, ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা ৩ কোটি ৩০ লাখ, ইনস্টাগ্রামে ১ কোটি ৯২ লাখ এবং এক্সে ৩৩ লাখের বেশি।

অন্যদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে-কেও আটক করেছে পুলিশ।

মুম্বাই থেকে দিল্লিতে আসেন দীপকেরা। সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে তাদের বিমান অবতরণ করে এবং সেখান থেকেই তাঁকে আটক করা হয়।