কাশ্মীরে কিশোর হত্যা, সেনাবাহিনীর ক্ষমা প্রার্থনা
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে দুই কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষমা চেয়েছে ভারতীয় সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়, সেনাবাহিনী ভুল করে একটি গাড়িতে গুলি করে, যেখানে ওই দুই কিশোর ছিলেন। এ ভুলের জন্য তারা ক্ষমা প্রার্থী।
গণমাধ্যমে দুই কিশোরের মৃত্যু দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনার জন্য সেনাবাহিনীর উত্তরাঞ্চলের প্রধান ডিএস হুদা নিজে শ্রীনগরে যান।
শুক্রবার রাতে জেনারেল হুদা সাংবাদিকদের বলেন, “কাশ্মীরে দুই কিশোরের হত্যার দায় আমাদের। স্বীকার করছি আমরা ভুল করছি।”
“একটি সাদা গাড়িতে সন্ত্রাসীরা রয়েছে- আমাদের কাছে এরকম একটি তথ্য এসেছিলো। নিশ্চিত ভাবেই এই ক্ষেত্রে গাড়িতে আসলে কারা আছে সেটা বুঝতে আমাদের ভুল হয়েছে।”
এই হত্যাকাণ্ড নিয়ে ‘সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে’ তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন জেনারেল হুদা।
সোমবার একটি গাড়িতে করে শ্রীনগরের উপকণ্ঠে ঘুরতে বের হয়েছিলো ওই দুই কিশোর। ভারতীয় সেনারা তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করে।
সচরাচর ভারতীয় সেনাবাহিনীকে এতো দ্রুত ক্ষমা প্রর্থনা করতে দেখা যায় না।
দুই কিশোরের হত্যাকাণ্ড নিয়ে মুসলিম অধ্যুষিত কাশ্মীরে উত্তেজনা দেখা দিয়েছে।
দ্য হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় পত্রিকাগুলোর অভিমত, এই উত্তেজনা প্রশমিত করতেই সেনাবাহিনী এতো দ্রুত ক্ষমা প্রার্থনা করেছে।
পত্রিকার খবর অনুযায়ী গাড়িটিতে ৩২টি গুলি আঘাত করেছে। স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গাড়িটিতে গুলি করা হয়েছিলো।
এ ব্যাপারে শীর্ষস্থানীয় একজন সেনা কর্মকর্তা জানান, যখন আগে থেকে সেনাদের ওপর কোন ধরণের হুমকির সতর্কতা না থাকে, তখন স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করার নিয়ম নেই।
নিহত কিশোরদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে সেনাবাহিনীর পক্ষে থেকে দশ লাখ রুপি দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু পরিবারের পক্ষ থেকে ওই প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়।
দ্য টাইসম অব ইন্ডিয়ায় নিহত এক কিশোরের পিতা মোহাম্মদ ইউসুফ ভাট বলেন, “আমার ১৪ বছর বয়সী ছেলের রক্ত এতো সস্তা নয় যে এটা আমি বেচবো। আমি ক্ষতিপূরণ প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি।”
কাশ্মীর প্রদেশের দুই-তৃতীয়াংশ ভারতের নিয়ন্ত্রণে, বাকিটা পাকিস্তানের নিয়ন্ত্রণে। উভয় দেশই পুরো প্রদেশ নিজেদের বলে দাবি করে আসছে।
কাশ্মীর নিয়ে ৬০ বছরের বেশি সময় ধরে দড়ি টানাটানি কারছে ভারত ও পাকিস্তান। কাশ্মীর নিয়ে এরই মধ্যে দুই প্রতিবেশী দুইবার যুদ্ধে জড়িয়েছে। ছোটখাটো সংঘর্ষের খবর প্রায়ই পাওয়া যায়।
