ভারতের মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে
ক্ষমতা গ্রহণের পাঁচমাস পরে মন্ত্রিসভা সম্প্রসারণ করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ সপ্তাহের মধ্যেই তিনি নতুন করে মন্ত্রিসভা সাজাতে পারেন বলে জানিয়েছে গণমাধ্যম।
মে মাসে সাত জন মহিলা এমপি সহ মোট ৪৫ জন সংসদ সদস্য মোদীর মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহন করেন।
বর্তমানে ৬ জনেরও বেশী মন্ত্রী একাধিক দপ্তরের দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে অরুণ জেটলি অর্থ এবং প্রতিরক্ষা দুটি মন্ত্রনালয়েরই দায়িত্বে রয়েছেন।
সম্প্রসারণ কর্মসূচির আওতায় মোদী তার মন্ত্রিসভায় নতুন ১০ জন মন্ত্রী নিয়োগ দিতে পারেন। প্রতিরক্ষা দপ্তরের দায়িত্ব পেতে পারেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর।
বুধবার পারিকর তার প্রদেশের মন্ত্রীদের সাথে বৈঠক বাতিল করে মোদীর সাথে দেখা করতে যাওয়ার পর এ আলোচনার সূত্রপাত হয়। যদিও মোদীর সাথে বৈঠকের পর পারিকর বলেন তিনি গোয়ার কিছু বিষয় নিয়ে তার সাথে আলোচনা করেছেন।
নতুন আরো যেসব এমপি মন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন তাদের মধ্যে রয়েছে জয়ন্ত সিনহা, মুক্তার আব্বাস নাকভি এবং অনুরাগ ঠাকুর।
