বর্ধমান বিস্ফোরণের তদন্তে এনআইএ
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনিচ্ছা সত্ত্বেও বর্ধমান বিস্ফোরণের ঘটনা তদন্তের দায়িত্ব ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) হাতে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের এই তদন্ত সংস্থা বিস্ফোরণের ঘটনার পর পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকাও খতিয়ে দেখবে। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) অভিযোগ, গত ২ অক্টোবর বর্ধমানের ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি রাজ্য পুলিশ ‘চেপে যাওয়ার’ চেষ্টা করেছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, এর পেছনে হয় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের রাজনৈতিক চাপ ছিল, অথবা রাজ্য পুলিশ ঘটনার গুরুত্ব বুঝতেই পারেনি।
পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি জি এম পি রেড্ডি এর আগে জানিয়েছিলেন, তারা তাদের তদন্তের প্রতিবেদন কেন্দ্র সরকারকে পাঠাচ্ছেন। তৃণমূল নেতারাও একাধিকবার ইংগিত দিয়েছেন, কেন্দ্র সরকারের কোনো সংস্থা বর্ধমানের তদন্তভার নিক- এটা তারা চান না।
পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে বলেন, তারা জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) তদন্তের বিরুদ্ধে নন। তবে রাজ্য পুলিশের ওপরই তারা রাখতে চান।
তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া এক প্রতিবেদনে রাজ্য পুলিশের বিরুদ্ধে আলামত লুকানো ও নষ্টের অভিযোগ এনে এর তদন্তভার ভারতের জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) দেওয়ার সুপারিশ করে আইবি।
অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় নিরাপত্তার স্বার্থেই বিষয়টি তদন্তের দায়িত্ব এনআইএর হাতে দেওয়া হয়েছে। সন্ত্রাসী ঘটনার তদন্তের ক্ষেত্রে এনআইএ দেশের শীর্ষ তদন্ত সংস্থা। স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং হরিয়ানা থেকে বৃহস্পতিবার দিল্লি ফেরার পরই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।”
এনআইএর পরিচালক শরদ কুমার দিল্লিতে সাংবাদিকদের বলেন, “আমাদের তদন্ত দল শিগগিরই বর্ধমানে পৌঁছাবে।”
বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের এনআইয়ের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও একজন কর্মকর্তা জানান।
“পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আমরা জব্দ তালিকা আর বিস্ফোরণস্থলের ভিভিও দেখতে চাইব। তারা সব ধরনের সহযোগিতা করবে বলেই আমরা আশা করছি।”
কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, সাধারণত রাজ্যের কোনো ঘটনা এভাবে কেন্দ্রের তদন্ত সংস্থার হাতে দেওয়া না হলেও বর্ধমানের ঘটনায় জড়িত সন্দেহে পাশের রাজ্য আসাম থেকে ছয়জনকে গ্রেপ্তার এবং গোয়েন্দাদের তদন্তে বাংলাদেশের জঙ্গি সংঠন জেএমবির নাম আসায় বিষয়টি এখন আর রাজ্য পুলিশের হাতে রাখার সুযোগ নেই।
গত ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে ওই বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হন, যারা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একটি শাখার সদস্য বলে ভারতীয় গোয়েন্দোদের সন্দেহ।
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই নারীর একজন নিরাপত্তা বাহিনীকে জানিয়েছেন, তারা গত তিন মাসে চার দফা বাহকের মাধ্যমে বাংলাদেশে বোমা পাঠিয়েছেন। ওই দিনও বাংলাদেশে পাঠানোর জন্য বোমা বানাতে গিয়েই বিস্ফোরণ ঘটে।
ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর গোয়েন্দারা বলছেন, ওই বিস্ফোরণের মধ্য দিয়ে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) ও আল জিহাদের সম্পৃক্ততায় গড়ে ওঠা ‘আন্তঃদেশীয় সন্ত্রাসী নেটওয়ার্ক’র বিষয়ে তথ্য বেরিয়ে আসায় তারা বিষয়টির তদন্ত এনআইএকে দেওয়ার পক্ষে মত দেন।
আইবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বর্ধমানের ওই বাড়িটি থেকে গ্রেপ্তার হওয়া রুমি বিবি ও আমেনা বিবি দশ বছর আগে জেএমবিতে যোগ দেন। কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর জঙ্গি গোষ্ঠিগুলোর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হলে সঙ্গীদের নিয়ে তারা ভারতে এসে আত্মগোপনে ছিলেন।
এই দুজনের সঙ্গে আরো তিন নারী মিলে বর্ধমানের বাড়িটিকে বিস্ফোরক তৈরির কারখানা হিসেবে গড়ে তুলেছিলেন বলে ভারতীয় গোয়েন্দাদের দাবি।
