শ্রীলঙ্কাকে পথে ফেরাতে পারবেন বিক্রমাসিংহে?
ব্যাপক জনরোষের মধ্যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সরে দাঁড়ানোর পর দুই মাস আগে সেই পদে এসেছিলেন রনিল বিক্রমাসিংহে; এরপর প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পালিয়ে যেতে বাধ্য হওয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের ভার এসে পড়েছে প্রধানমন্ত্রীর ঘাড়ে।
এর আগে পাঁচ বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানো বিক্রমাসিংহে নিজেও রাষ্ট্রপ্রধান হওয়ার স্বপ্ন দেখছেন। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে সংবিধান অনুযায়ী দেশ চালানোর এবং আইন-শৃঙ্খলা ফেরানোর অঙ্গীকার জানিয়েছেন।
কিন্তু শ্রীলঙ্কার মানুষের ক্ষোভের মূল কারণ চরম অব্যবস্থাপনায় তৈরি হওয়া অর্থনৈতিক সংকট, জ্বালানির অভাব, খাদ্যের দাম। রাজাপাকসে পরিবারের মিত্র বিক্রমাসিংহে সেই সংকট কতটা সামলাতে পারবেন? দ্রুত অর্থের সংস্থান করে জনমনে স্বস্তি ফিরিয়ে আস্থার পাত্র হতে পারবেন তিনি?
ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) চেয়ারম্যান ৭৩ বছর বয়সী রনিল এর আগে যে পাঁচ বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছেন, কোনোবারই মেয়াদ পূর্ণ করতে পারেননি।
সর্বশেষ ২০২০ সালের ভোটে পরাজয় তার রাজনৈতিক জীবনকেই সঙ্কটে ফেলে দিয়েছিল, তবে দেশের সঙ্কটে ফের জেগে উঠেছে তার রাজনৈতিক জীবন।
হাজারো বিক্ষোভকারী প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেওয়ার পর প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে গত মঙ্গলবার রাতে মালদ্বীপে পালিয়ে যান। সেখান থেকে সিঙ্গাপুরে পৌঁছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
শ্রীলংকার প্রেসিডেন্টের দপ্তরের সামনে বসে পত্রিকায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের খবর পড়ছেন একজন। ছবি: রয়টার্স
আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন হবে। তাই আপাতত অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলানোর এখতিয়ার পেয়েছেন রনিল বিক্রমাসিংহে।
তিনি নিজেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আশা রাখেন। তবে ঐক্যমতের সরকার গড়তে হলে বিরোধীদের সমর্থনও তার দরকার হবে।
রাজাপাকসেকে উৎখাতের বিক্ষোভের মধ্যে বিক্রমাসিংহে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে স্পিকার তার নাম ঘোষণা করলে তিনি কারফিউ জারি করে বিক্ষোভ থামানোর চেষ্টা করেন। তারপর হাজারো জনতা কলম্বোতে প্রধানমন্ত্রীর দ্প্তরে ঢুকে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে।
বিবিসি লিখেছে, গোটাবায়া রাজাপাকসে নিজের গদি বাঁচানোর ব্যর্থ চেষ্টায় বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী করেছিলেন। কিন্তু হঠাৎ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে তার শুরুটা হয়েছে ‘অপ্রীতিকরভাবে’।
শুরুতেই তিনি সারা দেশে জরুরি অবস্থা জারির যে ঘোষণা দিয়েছিলেন, জনগণ তা মানেনি। পরিস্থিতি সামলাতে সেনাবাহিনীকে তার বল প্রয়োগের ক্ষমতা দিতে হয়েছে।
এক টেলিভিশন বক্তৃতায় বিক্রমাসিংহে বিক্ষোভকারীদের ‘ফ্যাসিস্ট’ অ্যাখা দিয়েছে, তাতে ক্ষোভ আরও বেড়েছে।
বিক্ষোভকারীরা তাকে রাজাপাকসেদের কাছের লোক বলেই মনে করে। সে কারণেই তার ব্যক্তিগত বাড়িতে আগুন দিয়েছিল জনতা, যদিও সেই মুহূর্তে তিনি ছিলেন না।
ঋণে জর্জরিত শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়ে মুদ্রাস্ফীতি, বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি এবং খাবার ও ওষুধের সংকটসহ নানা জটিলতায় গত এপ্রিল থেকে বিক্ষোভ দানা বাঁধতে থাকে। পরে তা ধীরে ধীরে গোটা দেশে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক জনরোষ তৈরি হয়।
কয়েক মাস ধরে শ্রীলঙ্কার মানুষ ভয়াবহ লোড শেডিংয়ে ভুগছে। জ্বালানি, খাবার ও ওষুধের স্বল্পতায় দুর্বিষহ জীবন-যাপন করছে। দেশের রিজার্ভ এতটাই কমে গেছে যে, প্রয়োজনীয় পণ্যসামগ্রী আমদানি করার সাধ্য নেই।
সাধারণ মানুষের মনে শিশির বিন্দুর মতো ক্ষোভ জমতে জমতে একপর্যায়ে তা বোমার মতো বিস্ফোরণ ঘটিয়েছে; কয়েক মাস ধরে থেমে থেমে চলা বিক্ষোভে কমপক্ষে নয়জনের প্রাণ গেছে।
গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের পর জনতার উল্লাস। ছবি: রয়টার্স
‘কলম্বো এলিট’ বিক্রমাসিংহের বাবা নামকরা আইনজীবী এসমন্ড বিক্রমাসিংহে শ্রীলঙ্কার গণমাধ্যমেও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার মায়ের দিকের আত্মীয় জুনিয়াস রিচার্ড জয়াবর্ধনেকে এখন পর্যন্ত দেশটির সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট হিসেবে ধরা হয়।
২৮ বছর বয়সে ১৯৭৭ সালে বিক্রমাসিংহে প্রথম এমপি হয়েছিলেন এবং রানাসিংহে প্রেমাদাসা ১৯৮৯ সালে প্রেসিডেন্ট হলে খুব দ্রুত তার দলের প্রথম সারিতে চলে আসেন তিনি।
প্রেসিডেন্ট প্রেমদাসা খুন হওয়ার পর ১৯৯৩ সালের ১ মে প্রথমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব পান বিক্রমাসিংহে। এরপর আরও চারবার এ দায়িত্ব নিলেও প্রতিবার মেয়াদপূর্তির আগেই বিদায় নিতে হয়েছে।
১৯৯৪ সালে লিবারেশন টাইগারস অব তামিল ইলমের (এলটিটিই) সন্দেহভাজন বিদ্রোহীরাদের হাতে গামিনী দিসানায়েকের মৃত্যু হলে ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা হন রনিল বিক্রমাসিংহে।
এপ্পাওয়ালা শহরে একটি সভায় বক্তৃতার সময় বোমা বিস্ফোরিত হলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। দলের দুর্নীতিগ্রস্ত সদস্যদের থেকে রেহাই পেতে একটি শৃঙ্খলা কমিশন নিয়োগ করে দলের ভাবমূর্তির উন্নয়নও করেন।
বিবিসি লিখেছে, নানা ধাঁচে চুল কেটে নিজেকে আকর্ষণীয় করে তোলার মাধ্যমে রনিল বিক্রমাসিংহে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করতেন। এ ছাড়া গ্রামে গ্রামে ঘুরে ইউএনপির জনসমর্থন বাড়ানোর চেষ্টা করেছেন।
চলতি শতকের শুরুতে প্রেসিডেন্ট হওয়ার জন্য রনিল সত্যিকারের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন, কিন্তু তার ভাগ্য তাতে সায় দেয়নি।
নিজের গদি রক্ষা করতে রনিল বিক্রমাসিংহেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে ফিরিয়ে এনেছিলেন প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাকসে
২০২০ সালের নির্বাচনে রাজাপাকসেদের দল এসএলপিপির কাছে ভরাডুবি ঘটে বিক্রমাসিংহের দল ইউএনপির। সেবার একটি আসনেও জয় পায়নি তার দল। আর কলম্বোতে সেটাই ছিল বিক্রমাসিংহের প্রথম হার।
শোচনীয় সেই হারের পর গণমাধ্যম রনিল বিক্রমাসিংহের রাজনৈতিক জীবনের মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছিল। ইউএনপির নেতারাও তার দলীয় সভাপতির পদ ছাড়ার দাবি তুলেছিলেন।
তবে বিক্রমাসিংহে ভেঙে না পড়ে পদ আঁকড়ে ছিলেন। শুধু তাই নয়, গত বছর মনোনীত সদস্য হিসেবে পার্লামেন্টেও ফেরেন।
অনেকে বিশ্বাস করেন, ২০১৫ সালে রাজাপাকসে পরিবার যখন ক্ষমতা হারিয়েছিল, সেমময় তাদের সাহায্য করেছিলেন রনিল বিক্রমাসিংহে। আর এবার গোটাবায়া রাজাপাকসে নিজের ক্ষমতা বাঁচানোর মরিয়া চেষ্টায় তাকে ফিরিয়ে আনেন প্রধানমন্ত্রীর পদে।
বুধবার শ্রীলংকার প্রধানমন্ত্রীর দপ্তর দখল করে নেয় জনতা
আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে। পার্লামেন্টে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারলেই একজন প্রার্থী জয়ী হবেন, কিন্তু তাকে ‘আরগালেয়া’ নামে পরিচিতি পাওয়া সরকারবিরোধী গণআন্দোলনে অংশ নেওয়া হাজার হাজার সাধারণ মানুষের আস্থাও অর্জন করতে হবে। কারণ এ আরগালেয়া বা ‘সংগ্রামের’ মাধ্যমেই রাজাপাকসে সাম্রাজ্যের পতন হয়েছে।
প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ছাড়াও দেশটির প্রধান বিরোধীদল সামাগি জানা বালাভিগায়া-র (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা (৫৫) রয়েছেন।
এ ছাড়া আছেন সাবেক সাংবাদিক দুল্লাস আলাহাপেরুমা (৬৩)। অপেক্ষাকৃত কম পরিচিত হলেও ক্ষমতাসীন এসএলপিপির এ জ্যেষ্ঠ আইনপ্রণেতা সব হিসাবনিকাশ উল্টে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
