২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রণব মুখোপাধ্যায় আমাকে পথ দেখিয়েছেন: মোদী

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে এক টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ‘একজন অসাধারণ পণ্ডিত এবং মহান রাষ্ট্রনায়ক’ বলে বর্ণনা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2020, 10:14 PM

Updated : 18 Aug 2022, 03:42 PM

মোদী বলেন, ‘‘২০১৪ সালে আমি যখন দিল্লিতে নতুন ছিলাম। প্রথম দিন থেকেই শ্রী প্রণব মুখোপাধ্যায় আমাকে পথ দেখিয়েছেন, সমর্থন দিয়েছেন এবং আশীর্বাদ করেছেন।”

বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ায় গত ১০ অগাস্ট দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে ভর্তি হয়েছিলেন প্রণব। পরীক্ষায় তার মস্তিষ্কে জমাট রক্ত দেখতে পেয়ে চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। অস্ত্রোপচার সফল হলেও প্রণবের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। এক পর্যায়ে তিনি গভীর কোমায় চলে যান। প্রায় তিন সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে সবার শ্রদ্ধা পাওয়া এই রাজনীতিকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা প্রণব মুখোপাধ্যায় ভারতীয় সংবাদমাধ্যমের ভাষায় ছিলেন ‘আ ম্যান অব অল সিজনস’।

প্রণবের মৃত্যুর খবর প্রকাশের কয়েক মিনিট পর প্রধানমন্ত্রী মোদী টুইটে বলেন, “ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে দেশ আজ শোকগ্রস্ত। পুরো জাতি তার অভাব গভীরভাবে অনুভব করবে।

কোমায় থাকা প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি

‘‘তিনি আমাদের জাতীয় উন্নয়নের পথে স্থায়ী ছাপ রেখে গেছেন। তিনি একজন অসাধারণ পণ্ডিত, মহান রাষ্ট্রনায়ক। তিনি দলমত নির্বিশেষে এবং সমাজের সব স্তরের মানুষের কাছে প্রশংসিত ছিলেন।”

২০১৪ সালে প্রথম মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন মোদী। তখন দেশটির রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। দিল্লিতে তিনিই মোদীকে শপথ বাক্য পাঠ করান।

প্রণবকে স্মরণ করা টুইটে শপথ অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে মোদী লেখেন, ‘‘তাঁর সঙ্গে যেটুকু সময় কাটানোর সুযোগ আমি পেয়েছি তা আমার কাছে অমূল্য স্মৃতি হয়ে থাকবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং দেশজুড়ে ভক্ত ও সমর্থকদের জন্য সমবেদনা। ওম শান্তি।”

আরেক টুইটে মোদী বলেন, প্রণব মুখোপাধ্যায় ভারতের ‘রাষ্ট্রপতি ভবন’ এর দ্বার সাধারণ মানুষের জন্য খুলে দিয়েছিলেন।

“ভারতের রাষ্ট্রপতি হিসেবে শ্রী প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি ভবনে সাধারণ মানুষের যাতায়াত অনেক বেশি সহজ করে দিয়েছিলেন। তিনি রাষ্ট্রপতি ভবনকে শিক্ষা, আবিষ্কার, সাংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্য চর্চার কেন্দ্রে পরিণত করেছিলেন। গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়ে তার বিজ্ঞ পরামর্শ আমি কখনও ভুলব না।”

প্রণবের মৃত্যুতে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র সরকার ৷ দেশজুড়ে সব সরকারি দফতর ও সরকারিভাবে উত্তোলন করা সব জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৷

এ কয়েকদিন সব সরকারি বিনোদনমূলক অনুষ্ঠানও বাতিল থাকবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

ওদিকে, পশ্চিমবঙ্গ সরকার সাবেক এই রাষ্ট্রপতির প্রয়াণে শোক জানাতে মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করেছে। এদিন সব রাজ্য সরকারি অফিস, প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাজ্য স্বরাষ্ট্রসচিব।