২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোমায় থাকা প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি

হাসপাতালে গভীর কোমায় থাকা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2020, 01:15 PM

Updated : 18 Aug 2022, 03:42 PM

৮৪ বছর বয়সী এই সাবেক রাজনীতিক ফুসফুসের সংক্রমণের কারণে সেপটিক শকে আছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে এই অবস্থা থেকে বের করে আনার চেষ্টা করছেন বলে সোমবার এক স্বাস্থ্য বুলেটিনে জানিয়েছে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ এন্ড রেফারেল।

রোববারের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দিল্লি ক্যান্টনমেন্টের এই হাসপাতালটির কর্তৃপক্ষ জানিয়েছে। ১০ অগাস্ট থেকে এই হাসপাতালেই ভর্তি আছেন প্রণব।

ভারতীয় কংগ্রেসের এই প্রবীণ নেতা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গভীর কোমায় আছেন।

৯ অগাস্ট রাতে দিল্লির বাসভবনে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব। পরদিন সকাল থেকে তার স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়; বাম হাত নাড়াচাড়া করতে পারছিলেন না তিনি।

চিকিৎসকের পরামর্শে ওই দিনই দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ এন্ড রেফারেলে ভর্তি করা হয় তাকে। এমআরআই স্ক্যানে মাথার ভিতরে জমাট বাঁধা রক্তের অস্তিত্ব ধরা পড়ে, যা আঘাতের ফলেই হয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত অপরসারণ করা হয়।

অস্ত্রোপচারের প্রস্তুতি পর্বে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে তার তার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিকেল বোর্ডের অধীনে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশনে রাখা হয়। তারপর থেকে তিনি সেখানেই আছেন।

ফুসফুসের সংক্রমণের পাশাপাশি তার কিডনিতেও সমস্যা রয়েছে বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে। তার কিডনির অবস্থার উন্নতি হয়েছিল বলে রোববার জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বপালন করেছেন প্রণব মুখোপাধ্যায়।   গত বছর তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারত রত্নে’ ভূষিত হন।

আরও পড়ুন:

ফুসফুসে ‘সংক্রমণ’, প্রণবের অবস্থার অবনতি  

প্রণব মুখোপাধ্যায় শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, আশা ছেলের  

প্রণব মুখোপাধ্যায়: ভেন্টিলেশনে থাকলেও অবস্থা অপরিবর্তিত