২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুসফুসে ‘সংক্রমণ’, প্রণবের অবস্থার অবনতি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তার ফুসফুসে সংক্রমণের লক্ষণ ধরা পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2020, 03:52 PM

Updated : 08 Apr 2022, 01:14 AM

হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে থাকা প্রণব বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে বুধবার দুপুরে এক বিবৃতিতে জানিয়েছে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ এন্ড রেফারেল।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এদিন সকালেও প্রণবের ছেলে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায় এক টুইটে তার বাবার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছিলেন।

কিন্তু পরে হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতিতে অবস্থা অবনতির কথা জানা যায়।

প্রণব মুখোপাধ্যায় ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। গত বছর তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারত রত্নে’ ভূষিত হন।

৯ অগাস্ট রাতে দিল্লির বাসভবনে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব। পরদিন সকাল থেকে তার স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়; বাম হাত নাড়াচাড়া করতে পারছিলেন না তিনি।

পরদিন চিকিৎসকের পরামর্শে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ এন্ড রেফারেলে ভর্তি করা হয় তাকে। এমআরআই স্ক্যানে মাথার ভিতরে জমাট বাঁধা রক্তের অস্তিত্ব ধরা পড়ে, যা আঘাতের ফলেই হয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত অপরসারণ করা হয়।

অস্ত্রোপচারের প্রস্তুতি পর্বে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে তার তার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিকেল বোর্ডের অধীনে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশনে রাখা হয়।তারপর থেকে তিনি সেখানেই আছেন।

চলতি সপ্তাহের প্রথমদিকে তার অবস্থার সামান্য উন্নতি হয়েছিল বলে জানিয়েছিলেন ছেলে অভিজিৎ ও কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।