ভারতের স্বাধীনতা দিবস: মোদীকে ফোন নেপালের প্রধানমন্ত্রীর
বিরোধপূর্ণ একটি অঞ্চল ও নেপালের নতুন মানচিত্র নিয়ে কূটনৈতিক বাগযুদ্ধের পর প্রথমবারের মতো কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি।
শনিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মোদীকে ফোন করেন অলি। ভারত সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ায় অলি মোদীকে অভিনন্দন জানান বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
উত্তরে মোদী ‘ভারত ও নেপাল যে সভ্যতা ও সাংস্কৃতিকভাবে সম্পর্কিত সে কথা স্মরণ করেন’ বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।
জুনে নেপাল দেশটির নতুন একটি রাজনৈতিক মানচিত্র অনুমোদন করে, এতে ভারতনিয়ন্ত্রিত একটি অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেপালের এই পদক্ষেপ ঐতিহাসিক তথ্য ও স্বাক্ষ্য-প্রমাণ নির্ভর নয় দাবি করে মানচিত্রটি প্রত্যাখ্যান করেছে ভারত।
ভারত তাদের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ড থেকে চীনের তিব্বত অঞ্চল সংলগ্ন সীমান্তের লিপুলেখ পর্যন্ত ৮০ কিলোমিটারের একটি সড়ক উদ্বোধন করার পর মে-তে ভারত-নেপালের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। ওই সড়কের প্রায় ১৯ কিলোমিটার এলাকা নেপালের দাবিকৃত এলাকার ভিতর দিয়ে গিয়েছে।
শনিবার স্বাধীনতা দিবসের ভাষণে মোদী দক্ষিণ এশিয়ায় শান্তি ও সম্প্রীতির আহ্বান জানান। এই অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করার জন্য নেতা, রাজনীতিক ও বুদ্ধিজীবীদের তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এক বিবৃতিতে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোদীর ‘প্রতিবেশীদের প্রতি নতুন অগ্রাধিকার’ ও ‘অর্থবহ দ্বিপক্ষীয় সহযোগিতার প্রত্যাশার’ প্রশংসা করেছেন অলি।
দুই নেতা করোনাভাইরাস মহামারীর প্রভাব রোধ করার প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছেন বলে উভয় বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
