ভারতে কোয়ারেন্টিনে পাঠালে হাতে থাকবে স্ট্যাম্প
ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দেওয়া যেসব ব্যক্তিদের ‘হোম কোয়ারেন্টিনে' পাঠাচ্ছে তাদেরকে আলাদা করে চিহ্নিত করতে বাঁ হাতে একটি বিশেষ ‘স্ট্যাম্প’ লাগানোর অভিনব সিদ্ধান্ত নিয়েছে।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ এ পদক্ষেপের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। ভারতজুড়ে এ মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রেই।
ফলে পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আর এ বৈঠকেই করোনাভাইরাসের বিস্তার রোধে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকা ব্যক্তিদেরকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য এমন সিদ্ধান্ত নিল সরকার। কারণ, গত কয়েকদিনে করোনাভাইরাসের লক্ষণ থাকা প্রায় ৭ জন রোগী চিকিৎসা কেন্দ্র থেকে পালিয়ে গেছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ জানিয়েছেন, ভোট দেওয়ার পর ভোটারদের হাতে যে অমোচনীয় কালি লাগানো হয়, ওই কালি দিয়েই কোয়ারেন্টিনে থাকা ওই ব্যক্তিদের বাঁ হাতের ওপরে একটি স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হবে। যাতে সহজেই তাকে চিহ্নিত করা যায়। কারণ, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে কাউকে তার বাড়িতে পৃথকভাবে থাকার পরামর্শ দেওয়া হলেও তারা তা অমান্য করে বাড়ি থেকে বাইরে বের হচ্ছেন। ফলে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে।
মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে এও বলা হয়েছে যে, কেউ করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ শরীরে থাকার পরও ঘর থেকে বেরিয়ে মানুষের সঙ্গে মেলামেশা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।
