পাকিস্তানের করাচিতে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫
পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার করাচির গুলবাহার এলাকার পাঁচ তলা ওই আবাসিক ভবনটি সংলগ্ন আরও দুটি ভবনের ওপর ধসে পড়লে সেগুলোও ভেঙে পড়ে, এতে তাৎক্ষণিভাবে ১৪ জন নিহত ও অন্তত ১৭ জন আহত হয় বলে জানিয়েছে ডন।
তারপর থেকে ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আরও কিছু মৃতদেহ উদ্ধার করা হয়। শনিবার ভাঙাচোরা ইট-পাথর ও কংক্রিটের ভিতর থেকে জীবিত এক কিশোরকে উদ্ধার করা হয়।
রোববার ধ্বংসস্তূপের ভিতরে আরও তিনটি মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এতে ভবন ধসের এ ঘটনায় মৃতের মোট সংখ্যা ২৫ জনে দাঁড়ায়।
এখনও ভবনটির ধ্বংসস্তূপের নিচে সাত থেকে আট জন আটকা পড়ে আছেন বলে স্থানীয় ইধি ফাউন্ডেশনের মুখপাত্র সাদ ইধি জানিয়েছেন।
“উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং আমরা নিচ তলায় পৌঁছে গেছি। সাত থেকে আট জন এখনও আটকা পড়ে আছেন বলে আশঙ্কা উদ্ধারকারীদের, তারা সম্ভবত জীবিত আছেন,” বলেন তিনি।
এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় উদ্ধারকাজে সহায়তার জন্য ভারী মেশিনপত্র আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তান সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থল ঘিরে রেখেছে। রোববার সন্ধ্যার মধ্যে উদ্ধার অভিযান শেষ হতে পারে বলে ধারণা উদ্ধারকর্মীদের।
নির্মাণ ত্রুটির কারণে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।
