২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবসেনার উদ্ধব ঠাকরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন

নানা নাটকীয়তা, চড়াই উৎরাইয়ের পর ভারতের মহারাষ্ট্র রাজ্যে শিব সেনা নেতৃত্বাধীন জোট সরকার আলোর মুখ দেখতে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2019, 04:22 PM

Updated : 08 Apr 2022, 05:06 PM

দলটির প্রধান উদ্ধব ঠাকরে বুধবার স্ত্রী রেশমিকে নিয়ে রাজ্যটির গভর্নর ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

যে পার্ককে ঘিরে শিব সেনার বিভিন্ন অনুষ্ঠান হতো, মুম্বাইয়ের সেই শিবাজি পার্কেই বৃহস্পতিবার বাল ঠাকরের ছেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলে মহারাষ্ট্রে শিব সেনা-ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-কংগ্রেস মহাজোট সরকারের ক্ষমতা আরোহনের পথ নিষ্কন্টক হয়।

ভারতের সু্প্রিম কোর্ট এদিন এক রায়ে ফড়নবিশকে বুধবারের মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেয়। তবে আস্থা ভোটের আগেই বিজেপি নেতা তার পদ থেকে সরে দাঁড়ান।  

তার আগেই সরে দাঁড়িয়েছিলেন এনসিপির বিধায়ক উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

সরকার গঠন নিয়ে শিব সেনা, এনসিপি ও কংগ্রেসের আলাপ আলোচনার মধ্যেই শনিবার এ দু’জন মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন।

কংগ্রেস, এনসিপি ও শিব সেনার নির্বাচিত বিধায়করা এর বিরুদ্ধে আদালতে গেলে শপথ নেয়ার তিনদিনের মাথায়ই তাদের পদত্যাগ করতে হয়। 

মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানের আগে বুধবার সকালে নবনির্বাচিত বিধায়করা শপথ নেন বলে জানিয়েছে এনডিটিভি। কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন নিয়ে নানান টানাপোড়েনে নির্বাচনের ফল ঘোষণার প্রায় এক মাস পর এ শপথ অনুষ্ঠান হলো।

শপথ অনুষ্ঠানের জন্য সুপ্রিম কোর্ট মহারাষ্ট্রের গভর্নর ভগৎ সিংকে অন্তর্বর্তীকালীন একজন স্পিকার নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। অন্তর্বর্তী স্পিকার কালিদাস কোলাম্বকার বুধবারের শপথ অনুষ্ঠানের দেখভাল করেছেন বলে এনডিটিভি জানিয়েছে।

বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এনসিপির অজিত পাওয়ারের ‘প্রত্যাবর্তন’ও গণমাধ্যমের কাছে চমক হয়ে হাজির হয়। চাচা শারদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ করেই অজিত বিজেপির সঙ্গে জোট সরকার গড়ার চেষ্টা করেছিলেন।

বুধবার মহারাষ্ট্র বিধানসভায় শপথ নিতে আসা অজিতকে জড়িয়ে ধরে স্বাগত জানান শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে। বিধানসভায় আসা এনসিপির সব সাংসদকে সুপ্রিয়াই স্বাগত জানাচ্ছিলেন।

পশ্চিমাঞ্চলীয় রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া উদ্ধব কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন।

“রাজ্যকে নেতৃত্ব দেয়ার কথা স্বপ্নেও ভাবিনি কখনো। আমি সোনিয়া গান্ধী এবং অন্যদের ধন্যবাদ দিতে চাই,” শিব সেনা, এনসিপি ও কংগ্রেসের জোট ‘মহা বিকাশ আঘাদি’র নেতা নির্বাচিত হওয়ার পর এমনটাই বলেন বাবা বাল ঠাকরের পর দলের দায়িত্ব নেয়া উদ্ধব।

নির্বাচিত বিধায়ক না হলেও এ শিব সেনা প্রধানের মুখ্যমন্ত্রী হতে আপাতত বাধা নেই। তবে ছয় মাসের মধ্যে তাকে হয় বিধানসভা, নয়তো ৭৮ সদস্যের লেজিসলেটিভ কাউন্সিলে নির্বাচিত হয়ে আসতে হবে। কখনো কোনো নির্বাচনে অংশ না নেওয়া উদ্ধব সম্ভবত কাউন্সিলে নির্বাচিত হওয়ার রাম্তাই ধরবেন বলেও মনে করা হচ্ছে।

উদ্ধবের হাত ধরেই মহারাষ্ট্রে ২০ বছর পর শিব সেনার কেউ মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। ঠাকরে পরিবারের কেউ এর আগে কখনোই পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটির মুখ্যমন্ত্রী হয়নি।

উদ্ধবের ছেলে আদিত্য ঠাকরেই প্রথম তার পরিবারের পক্ষে কোনো নির্বাচনে লড়েছিলেন। অক্টোবরের ওই নির্বাচনে ২৯ বছর বয়সী আদিত্য মুম্বাইয়ের ওরলি আসন থেকে সহজেই বিজয়ী হন।