নিজের ‘মিম’ দেখেও ‘মজা নেন’ মোদী
ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নিয়ে বিভিন্ন ট্রল পড়ে ক্ষুব্ধ হওয়ার বদলে এগুলোর উদ্ভাবকদের বুদ্ধিমত্তার দিকটিই বেশি নজরে পড়ে নরেন্দ্র মোদীর।
সোশাল মিডিয়ায় ব্যাপক সক্রিয় মোদীর ভাষ্যে, তাকে টিপ্পনী করে ছড়ানো এসব মিম দেখে বরং মজাই পান তিনি।
গত মাসে ভারতে লোকসভা নির্বাচনী প্রচার শেষের ঠিক আগে বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে এমন কথা বলেন মোদী।
তারপর ইতোমধ্যে লোকসভা নির্বাচনের ফল এসে গেছে এবং বিপুল ভোটে জয় নিয়ে পুনর্বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা মোদী।
এর মধ্যেই ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ অক্ষয় কুমারকে দেওয়া সাক্ষাৎকারে সোশাল মিডিয়ায় মিম নিয়ে মোদীর প্রতিক্রিয়ার বিষয়টি তুলে আনে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বারান্দায় অক্ষয় কুমারের মুখোমুখি ঘণ্টাব্যাপী বসে নিজেকে নিয়ে খোলামেলা কথা বলেন মোদী।
আলাপের এক পর্যায়ে সবুজ ঘাসে ঢাকা বিশাল বাগানে হেঁটে হেঁটে সেখানে পেতে রাখা চেয়ারে বসেন তারা।
তখনই প্রশ্নটা করেন ‘খিলাড়ি’ তারকা অক্ষয় কুমার।
“মোদীজি, আমি জানতে চাইব… আজকাল তো সোশাল মিডিয়ারই যুগ, আমি দেখেছি আপনিও বেশ সক্রিয়; কিন্তু মানুষ আপনাকে যে প্রশ্ন করে, আপনার সঙ্গে কথা বলে, আপনি কি সেসব দেখেন? টুইটার, অথবা ইন্সটাগ্রাম, এসব কি আপনি দেখেন?”
‘অবশ্যই’ দেখেন বলে উত্তর আসে মোদীর; তিনি বলেন, “এতে বাইরের দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারি আমি।”
পাল্টা অক্ষয় কুমারকে মোদী বলেন, “আর আমি তো আপনার টুইটারও দেখি, টুইঙ্কল খান্নারও টুইটারও দেখি।
“আমার তো মাঝে মাঝে মনে হয়, উনি আমার উপর যে রাগ ঝাড়েন টুইটারে, তার কারণে আপনাদের পারিবারিক জীবনে বেশ শান্তি বজায় থাকার কথা। …পুরো রাগ আমার উপরই উগড়ে দেন তিনি। এজন্য নিশ্চয়ই আপনি অনেক শান্তিতে থাকতে পারেন।
“তো আমি আপনার জন্য এভাবেই উপকারে এসেছি… বিশেষ করে টুইঙ্কলের জন্য।”
চলচ্চিত্রের ‘এঙ্গরি হিরো’ অক্ষয়ের মুখে তখন লাজুক হাসি। রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কলকে ২০০১ সালে বিয়ে করেন অক্ষয় কুমার।
অক্ষয়কে বিয়ে করে অভিনয় প্রায় ছেড়ে দিয়ে টুইঙ্কল এখন নিয়মিত লিখে যাচ্ছেন বিভিন্ন সংবাদপত্রে; কলামনিস্ট হিসেবে পরিচিতিও কুড়িয়েছেন তিনি।
নিজের ‘মিসেস ফানিবোনস’ এবং ‘দ্য লিজেন্ড অফ লাক্সমি প্রাসাদ’ বইয়ে মোদী সরকারের নেওয়া অনেক নীতির সমালোচনায় মুখর দেখা গেছে টুইঙ্কলকে।
২০১৬ সালে মোদী সরকারের ‘ডিমনিটাইজেশন’ সিদ্ধান্তের সমালোচনা করেও টুইট করেছিলেন টুইঙ্কল। মোদী তার টুইট পড়েন জেনে একটি হাসিমুখ ইমোটিকন জুড়ে দিয়ে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি।
নরেন্দ্র মোদী নিজেও তার অনুসারীদের জন্য ছবিসহ টুইট করে আসছেন।
সাক্ষাৎকারের মাঝে অক্ষয় কুমার আবার প্রশ্ন করেন, “তাহলে আপনি নিজেও পড়েন এসব…।”
উত্তরে মোদীও হাসতে হাসতে বলেন, “অবশ্যই, আমি পড়িও এবং মজাও নিই।”
হাতে একটি ট্যাব নিয়ে অক্ষয় বলেন, “যখন আপনি নিজের উপর বানানো কোনো মিমস দেখেন, সোশাল মিডিয়াতে যেসব মিমস আসে, এগুলো দেখে আপনার হাসি আসে বললেন, রাগ তো হয় না বেশি, আপনার কেমন লাগে?... আমি চার-পাঁচটি মিম নিয়ে এসেছি।”
এরপর ‘চায়েওয়ালা’ হিসেবে পরিচিত নরেন্দ্র মোদীকে নিয়ে করা একটি মিম তাকেই দেখান অক্ষয়।
এতে দেখা যায়, ইংরেজি শব্দ ইউনিটি, ইকুয়ালিটি, সেইফটি, প্রসপারেটিকে দুই ভাগ করে লেখা হয়েছে, “এই চা বিক্রেতা জাতিকে দিতে পারে ইউনি-টি, ইকুয়ালি-টি, সেইফ-টি, প্রসপারে-টি।”
২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে জনপ্রিয় হওয়া বিজেপির স্লোগান নিয়ে একটি মিম দেখিয়ে অক্ষয় বলেন, “এখানে লেখা আছে- চাটনি ছাড়া ঢোকলা বেকার, আগামীবার মোদী সরকার।”
একে একে এমন কয়েকটি মিম যখন অক্ষয় দেখিয়ে চলেছেন, মোদীও তখন হেসে চলেছেন।
একটি মিম দেখিয়ে অক্ষয় প্রশ্ন করেন, “এটা কি আগে দেখেছিলেন?”
হাসতে হাসতেই মোদী বলেন, “এটা আগে দেখিনি, আজই দেখছি।”
এসব ‘এনজয়’ করেন জানিয়ে তিনি বলেন, “আমি এতে আমাকে কম দেখি। ক্রিয়েটিভিটিকেই বেশি দেখি। তো আমার ওই ক্রিয়েটিভিটির প্রতিই …. মানে আমার ঘোর বিরোধী হলেও, আমি খুবই মজা পাই। কী দারুণভাবে সে বললো…!”
মোদীর সঙ্গে সঙ্গে অক্ষয়ও বলেন, “কী দারুণ করে চিন্তা করতে পারে এরা! আর এক ঝটকায় চিন্তা করতে পারে।”
অক্ষয়ের কথায় সায় জানিয়ে মোদী বলেন, “হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ডেরও কম সময়ে। সোশাল মিডিয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমি সাধারণ মানুষের যে চিন্তা, যে ক্রিয়েটিভিটি, যে অ্যানালাইসিস, তা বুঝতে পারি।”
গুজরাটের গরিব একটি পরিবার থেকে দিল্লির মসনদে উঠে আসা মোদী বলেন, “গুছিয়ে পরিবেশন করা কথাবার্তা তো ফাইভ স্টার খাবারের মতো। আর সোশাল মিডিয়া হচ্ছে ফুটপাতের চানাচুর-পাকোড়ার মত… শেষ হবে না, তবে এর মধ্যে থেকে সত্যটা ঠিকই আপনার হাতে চলে আসবে।”
মোদীর এ কথার পর অক্ষয় বলেন, “আমি তো অপেক্ষায় আছি এই আলাপ শেষে এটা নিয়েও অনেক মিম তৈরি হবে।… আপনি তো প্রস্তুত আছেন, তবে আমার জন্য এটা প্রথম হবে।”
সোশাল মিডিয়ার মিম দেখে কীভাবে শান্ত থাকতে হয়, তখন অক্ষয়কে সে পরামর্শও দেন মোদী।
“কেউ কেউ আছেন, যারা আপনাকে খোঁচাতে ইচ্ছা করেই করে থাকেন। ওই সময় নিজেকে শান্ত রাখলে তার সকল চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। উল্টো তার ঘুম হারাম হয়ে যাবে। যদি আপনি প্রতিক্রিয়া দেখান, সাড়া দেন, তারা মজা পেয়ে যায়।
“কিন্তু দেখলাম, ভুলে গেলাম। ভাববে মোদীর চুল ছিঁড়ে ফেলার মতো এত কিছু করলাম, কিন্তু মোদীজির কোনো প্রতিক্রিয়াই নেই… তখন সে নিজেই চিন্তায় পড়ে যায়!”
সম্পূর্ণ ‘অরাজনৈতিক’ দাবি করা ওই সাক্ষাৎকার গত ২৪ এপ্রিল নরেন্দ্র মোদী ও ভারতীয় জনতা পার্টি –বিজেপির ভেরিফায়েড ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হয়।
