২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ছেড়ে কানাডায় আসিয়া বিবি: আইনজীবী

ধর্ম অবমাননার অভিযোগ থেকে খালাস পাওয়া খ্রিস্টান নারী আসিয়া বিবি পাকিস্তান ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 03:23 PM

Updated : 08 Apr 2022, 04:10 PM

চার সন্তানের এ জননী কানাডায় পৌঁছেছেন বলে রোববার সিএনএনকে জানিয়েছেন তার আইনজীবী সাইফ আল মুলুক।

আসিয়ার দুই মেয়ে কানাডায় অবস্থান করছেন এবং সেখানে আশ্রয় চেয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।  

প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ইসলাম ধর্মের প্রবর্তক নবী মোহাম্মদকে (সাঃ) নিয়ে কটুক্তি করার অভিযোগে আসিয়া গ্রেপ্তার হয়েছিলেন।

শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করে আসলেও ২০১০ সালে পাকিস্তানের নিম্ন আদালত আসিয়াকে ধর্ম অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়; হাইকোর্টও পরে একই সাজা বহাল রাখে।

গত অক্টোবরে মৃত্যুদণ্ডের রায় বদলে আসিয়া বিবি বলে পরিচিত আসিয়া নুরিনকে খালাস দিয়েছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট, যা নিয়ে দেশটির কট্টরপন্থি মুসলিম দলগুলো তুমুল বিক্ষোভ করে। তারা আসিয়ার মৃত্যুদণ্ড বহাল রাখার দাবিতে বিক্ষোভ করে এবং তার দেশত্যাগে বাধা দিতে সরকারের উপর চাপও সৃষ্টি করে।

খালাসের রায় পর্যালোচনা শেষে জানুয়ারিতে সুপ্রিম কোর্ট আগের রায় বহাল রাখলে আসিয়ার দেশ ছাড়ার পথ সুগম হয়। 

ধর্ম অবমাননার দায়ে আট বছর কারাগারের নিঃসঙ্গে সেলে কাটানো আসিয়া কবে দেশ ছেড়েছেন কিংবা কোথায় গেছেন সে সম্বন্ধে বিস্তারিত জানাননি পাকিস্তানের কর্মকর্তারা।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দেশ ছাড়ার আগ পর্যন্ত তাকে একটি গোপন স্থানে রাখা হয়েছিল।

আসিয়ার মামলাটি নিয়ে পাকিস্তানে গভীর বিভক্তি তৈরি হয়েছিল। দেশটিতে ব্লাসফেমী আইনের পক্ষে শক্ত জনসমর্থন আছে।