গুজরাট দাঙ্গা: গুলবার্গ হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ২৪
ভারতের গুজরাট রাজ্যে ১৪ বছর আগে দাঙ্গা চলাকালে আহমেদাবাদ শহরের গুলবার্গ সোসাইটিতে নৃশংস হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে দোষী সাব্যস্ত করেছে বিশেষ আদালত।
২০০২ সালের ওই দাঙ্গার সময় গুলবার্গ আবাসিক এলাকায় উত্তোজিত একদল লোকের হামলায় ৬৯ জন নিহত হয়েছিল, তাদেরকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।
বিশেষ ওই আলাদত আরও ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে।
বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করে। আগামী সোমবার দোষীদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিবিসি।
আদালত জানিয়েছে, দোষীদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। অন্যান্যরা কম গুরুতর অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের মধ্যে কট্টরপন্থি হিন্দু গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) স্থানীয় এক নেতাও রয়েছেন।
ভারতের স্বাধীনতার পর সংঘটিত সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গাগুলোর মধ্যে গুজরাট দাঙ্গা অন্যতম। ওই দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল, এদের অধিকাংশই মুসলমান।
হিন্দু পুণ্যার্থীদের একটি ট্রেনে লাগা আগুনে ৬০ জন নিহত হলে দাঙ্গাটি ছড়িয়ে পড়ে।
ট্রেনে আগুন দেওয়ার জন্য মুসলমানদের দায়ী করা হয়। প্রতিশোধের নেশায় উন্মুত্ত হিন্দু জনতা গুজরাটের শহর ও গ্রামগুলোর মুসলিম জনবসতিতে তিনদিন ধরে তাণ্ডব চালায়।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সময় সদ্য রাজ্যটির মুখমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। সমালোচকরা বলেন, দাঙ্গা থামাতে তিনি কার্যত কোনও পদক্ষেপই নেননি।
আহমেদাবাদের গুলবার্গ আবাসিক কমপ্লেক্স হামলাকারীদের অন্যতম লক্ষ্যস্থল ছিল। সেখানে অনেক মুসলমানকে পুড়িয়ে মারা হয় ও তাদের ঘরবাড়িতে আগুন দেওয়া হয়।
৬৬ জনের বিরুদ্ধে গুলবার্গ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। এদের মধ্যে ছয়জন বিচার কার্যক্রম শুরু হওয়ার আগে এবং বিচার চলাকালীন মৃত্যু বরণ করেন। একজন এখনও পলাতক আছেন।
বিচারক পিবি দেশাই জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল এমন কোনো প্রমাণ না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে আনা ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগটি বাতিল করা হয়েছে।
গুলবার্গ হামলায় নিহতদের মধ্যে কংগ্রেস দলীয় সাবেক এমপি ও প্রভাবশালী রাজনীতিবিদ ইহসান জাফরিও ছিলেন।
গুলবার্গ হামলা থেকে বেঁচে যাওয়া লোকজন জানিয়েছেন, উত্তেজিত জনতা তাদের এলাকায় হামলা করার পর আত্মরক্ষার্থে জাফরি নিজের বন্দুক থেকে গুলি ছুঁড়েছিলেন।
নিহত জাফরির বিধবা স্ত্রী জাকিয়া জাফরি জানিয়েছেন, তার স্বামী সাহায্য চেয়ে মুখ্যমন্ত্রী মোদিকে ফোন করেছিলেন, কিন্তু সাহায্য আর আসেনি।
এই দাঙ্গায় কোনও ধরনের ভূমিকা থাকার কথা অস্বীকার করে আসছে হিন্দুত্ববাদী দল বিজেপি নেতা মোদী। দাঙ্গার জন্য তিনি ক্ষমাও চাননি। প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ না থাকায় ২০১৩ সালে ভারতের সর্বোচ্চ আদালতের একটি প্যানেল মোদীর বিরুদ্ধে অভিযোগ আনার আবেদন খারিজ করে দিয়েছিল।
প্রাথমিকভাবে গুজরাট পুলিশ এই সহিংসতার তদন্ত করেছিল। পরে ২০০৮ সালে ভারতের সর্বোচ্চ আদালতের নিয়োগ দেওয়া একটি স্বাধীন বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ঘটনাটির তদন্ত করেছে।
