সোনি সোরিকে ‘প্রকৃত বীর’ বললেন জেএনইউ-র কানহাইয়া
ভারতের ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলায় অজ্ঞাত ব্যক্তিরা এসিড ছুঁড়ে মারার এক পক্ষকালেরও বেশি সময় পর আদিবাসী আন্দোলনকারী সোনি সোরি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে সোজা দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) গিয়ে হাজির হন।
আন্দোলনকারী ছাত্রদের সাক্ষাৎ করা ও তাদের আন্দোলনের প্রতি নিজের সমর্থন জানাতে সেখানে যান সোরি।
জেএনইউয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার সোরিকে জেএনইউয়ের শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। কানহাইয়া গত মাসে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এবং গত সপ্তাহে দিল্লির তিহার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
সোরিকে প্রকৃত বীর বর্ণনা করে কানহাইয়া বলেন, “সোরি তার নিজের এলাকা থেকেই স্বাধীনতার জন্য লড়াই করছেন।”
গত সপ্তাহে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর কানহাইয়া জ্বালাময়ী এক বক্তৃতা দেন। বর্ণ প্রথা, দুর্নীতি ও অন্যান্য সামাজিক বৈষম্য দূর করার শ্লোগান দিয়ে বক্তৃতা শুরু করে একই শ্লোগানের মাধ্যমে বক্তৃতা শেষ করেন।
বক্তৃতায় তিনি ‘ভারতের ভিতরে স্বাধীনতা, ভারত থেকে স্বাধীনতা নয়’- এ দাবি তোলেন।
মুখে ও শরীরে আঘাতের ক্ষত নিয়ে মৃদুভাষী সোরি বলেন, তিনি কারাগারে থাকা জেএনইউ নেতাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন ও তাদের পাশে আছেন।
৯ ফেব্রুয়ারি কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী নেতা মোহাম্মদ আফজাল গুরুর মৃত্যুদণ্ড কার্যকরের বার্ষিকীতে জেএনইউতে আয়োজিত এক সমাবেশে কানহাইয়া ও তার সহযোগীরা জাতীয়তা-বিরোধী শ্লোগান দেন বলে অভিযোগ উঠেছে। ওই অভিযোগ কানহাইয়াকে গ্রেপ্তারের পর তার আরো কয়েক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তারা এখনও কারাবন্দি আছেন।
ছাত্রসমাবেশে সোরি বলেন, “বস্তারে আধাসামরিক বাহিনীর সদস্যরা যখন আদিবাসীদের পেটায় ও হত্যা করে, তারাও কি বিশ্বাসঘাতক না, নিরপরাধ লোকজনকে হত্যা করে, কোনো অভিযোগ ছাড়াই? আর এখানে শুধু শ্লোগান দেয়ার ভিত্তিতেই লোকজনকে জাতী-বিরোধী বলা হচ্ছে, কেন এই দ্বিমুখিতা?”
২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বস্তারের কোদেনার এলাকায় তিনজন অজ্ঞাত পরিচয় লোক সোরির উপর হামলা চালায়। রাস্তায় জোর করে তার গাড়ি থামিয়ে তার মুখে এক ধরনের কলো তরল ছুঁড়ে মারে, এতে তীব্র পোড়া যন্ত্রণা ও ব্যাথ্যা শুরু হয়।
মারাত্মক আহত সোরিকে প্রথমে গীদাম হাসপাতালে ও পরে জগদলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
“আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই, শুধু আমাদের অধিকার দাবি করার কারণে তোমরা আমাদের জাতী-বিরোধী বলছ? আমরা জাতীয়তাবাদী, সন্ত্রাসী না,” হিন্দিতে বলেন সোরি।
তিনি জানান, জেএনইউতে নিরাপদ বোধ করছেন তিনি, কারণ ‘আজাদি’ কী জিনিস তা এখানকার শিক্ষার্থীরা পুরোপুরি উপলব্ধি করেছেন। কিন্তু এটা শুধু কয়েক মূহুর্তের জন্য, যখনই তিনি বস্তারে ফিরে যাবেন প্রতি নিঃশ্বাসে মৃত্যুর হুমকি তাকে তাড়া করবে।
