২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ৭০ জনের মৃত্যু

ভারতের তামিল নাড়ু রাজ্যের প্রধান শহর চেন্নাইয়ে কয়েকদিনের ব্যাপক বৃষ্টিপাত ও বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 03:46 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

বিবিসি জানিয়েছে, চেন্নাইয়ের প্রধান রাস্তাগুলোর অধিকাংশই বন্যার পানিতে ডুবে থাকায় শহরের জনজীবন স্থবির হয়ে পড়েছে। 

বৃষ্টি ও বন্যার কারণে অফিস, স্কুল-কলেজ ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে। 

ভারতের তামিল নাড়ু সংলগ্ন দেশ শ্রীলঙ্কাতেও ব্যাপক বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে অন্ততপক্ষে ৮০ হাজার মানুষ বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।  

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে ভারতের তামিল নাড়ু ও শ্রীলঙ্কার উপকূলীয় এলাকাগুলোতে প্রায় এক সপ্তাহজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। 

বন্যার কারণে চেন্নাই থেকে ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির সরকারি কর্মকর্তারা। চলমান উদ্ধার তৎপরতায় দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ও সেনাবাহিনী সহায়তা করছে বলেও জানিয়েছেন তারা। 

বন্যাকবলিত এলাকাগুলোর জন্য পাঁচশত কোটি রুপির তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। 

তিনি বলেছেন, “কয়েকদিনেই পুরো বর্ষাকালের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এ কারণে পানি নিয়ন্ত্রণে পূর্বসতর্কতামূলক কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। তাই এত ক্ষয়ক্ষতি হয়েছে। 

“বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যুদ্ধকালীন পরিস্থিতির মতো গুরুত্ব দিয়ে ত্রাণ, উদ্ধার ও পুনর্নির্মাণের কাজ করা হবে।”