২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুলতানে বোমা বিস্ফোরণে নিহত ১০ 

পাকিস্তানের মুলতান শহরের বাস স্টেশনের পাশের একটি অটোরিক্সা স্ট্যান্ডে এক বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছেন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 11:23 AM

Updated : 25 Apr 2022, 01:52 PM

রোববার সন্ধ্যায় ওই স্ট্যান্ডটিতে বোমা বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে ডন নিউজ।
 
মুলতানের বেহারি রোডের এই বিস্ফোরণে আরো ৫৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তা ডা. কালিম। 

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। 

মুলতানের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আজহার আকরাম জানিয়েছেন, একটি অটোরিক্সার সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের পর বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। 

“মোটরসাইকেলে বোমাটি বাঁধা ছিল বলে মনে হচ্ছে,” বলেন তিনি। 

পুলিশ ঘটনাস্থল থেকে বেয়ারিংয়ের বল উদ্ধার করেছে বলে জানিয়েছেন তিনি। 

অপর কর্মকর্তা ডিসিও জাহিদ সালিম জানিয়েছেন, মোটরসাইকেল চালক বিস্ফোরক বহন করছিলেন। অটোরিক্সার সঙ্গে সংঘর্ষের কারণে ওই বিস্ফোরক বিস্ফোরিত হয়ে যায়। 

তবে তদন্তের পর বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করেন এই দুই কর্মকর্তা। 

প্রাথমিক প্রতিবেদনে অটোরিক্সার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে ঘটনার জন্য দায়ী করা হয়েছিল। 
বিস্ফোরণে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সাত-আটটি অটোরিক্সা বিধ্বস্ত হয়েছে। 

মুলতানে কয়েক হাজার মাদ্রাসা আছে। এর মধ্যে কয়েকটি স্থানীয় আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর পরিচালিত বলে জানিয়েছে ডন নিউজ।  

বিস্ফোরণে হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।