মেডিটেরেনিয়ান ডায়েট নারীর হৃদরোগ কমাবে ২৫%
মান সম্মত খাদ্যাভ্যাস নারী ও পুরুষ নির্বিশেষে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের জন্য উপকার বয়ে আনবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
মেডিটেরেনিয়ান ডায়েট নিয়মিত মেনে চললে নারীর হৃদরোগ এবং তাতে মৃত্যুর ঝুঁকি কমবে প্রায় ২৫ শতাংশ, এমন কথা বলছে ১৬টি গবেষণা।
ইউনিভার্সিটি অফ সিডনির ওয়েস্টমেড অ্যাপ্লায়েড রিসার্চ সেন্টারের সহযোগী অধ্যাপক সারাহ জামান বলছেন, মেডিটেরানিয়ান ডায়েট কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা আগেও জানা ছিল, গবেষণায় সে কথাই উঠে এল।
“আবারও বোঝা গেল, পুরুষের সঙ্গে সঙ্গে নারীর বেলাতেও একইভাবে উপকারী এই ডায়েট।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে বলেছে, গোটা বিশ্বে নারী ও পুরুষের প্রাণঘাতী রোগের শীর্ষে রয়েছে হৃদরোগ।
যুক্তরাজ্যে স্তন ক্যান্সারে যত নারীর মৃত্যু হয়, করোনারি আর্টারি রোগে মারা যায় তার দ্বিগুণেরও বেশি।
২০২০ সালে যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচ জন নারীর মৃত্যুর ঘটনায় একজনের মৃত্যুর কারণ হৃদরোগ।
এরপরও হৃদরোগ নিয়ে হওয়া খুব কম গবেষণাতেই নারীর বিষয়টি আলাদাভাবে নজরে আনা হয়েছে বলে মনে করেন সারাহ জামান।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ডায়েটিশিয়ান ভিক্টোরিয়া টেইলর এ গবেষণায় সম্পৃক্ত ছিলেন না। তবে তিনি এ গবেষণার ফলাফল নিয়ে সিএনএন এর সাথে কথা বলেছেন।
তিনি বলেন, ”মেডিটেরেনিয়ান খাদ্যাভ্যাস যে হৃদযন্ত্রের জন্য উপকারী তা তো বহু আগে থেকে জানা ছিল। এই গবেষণায় বিশেষ একটি দিক উৎসাহ জাগাচ্ছে; পুরুষের চেয়ে নারীকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখা গেছে নারীদের মধ্যেও এর উপকারিতা বহাল থাকছে।”
মেডিটেরেনিয়ান ডায়েট নিয়ে হার্ট জার্নালে প্রকাশিত এই গবেষণায় পুরুষ ও নারীর বিস্তারিত তথ্যগুলো আলাদা করা হয়েছে।
সবজি, ফল, আস্ত শস্যদানা, শিমদানা, বাদাম ও সামুদ্রিক খাবার বেশি বেশি খেতে অভ্যস্ত নারীদের বেশি নম্বর দেওয়া হয়েছে। অন্যদিকে লাল ও প্রক্রিয়াজাত করা মাংস খাওয়া নারীদের কম নম্বর দেওয়া হয়েছে।
যারা নিয়মিতভাবে মেডিটেরেনিয়ান ডায়েটে অভ্যস্ত, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় ২৪ শতাংশ।
গবেষণা বলছে, যারা এই ডায়েট মেনে চলছেন না, তাদের চেয়ে আগেভাগে মৃত্যু ঝুঁকি ২৩ শতাংশ কমে আসছে ডায়েট মেনে চলা নারীদের।
নিউ ইয়র্ক শহরে মাউন্ট সিনাই স্কুল অফ মেডিসিনের ইন্টারভেনশনাল কার্ডিওভাস্কুলার রিসার্চ অ্যান্ড ক্লিনিকাল ট্রায়াল অংশের পরিচালক এবং মেডিসিন বিষয়ক অধ্যাপক রোকসানা মেহরান এ গবেষণায় যুক্ত ছিলেন।
এই কার্ডিওলজিস্ট বলেন, “এরকম তথ্য বেরিয়ে আসায় আমি আনন্দিত। কারণ এসব তথ্য তো উপস্থাপন করাই হয় না। অথবা নারী ও পুরুষ বিষয়ে এসব তথ্য অপ্রকাশিত রাখা হত কিংবা কম গুরুত্ব দেওয়া হত।”
আর সারাহ জামান বললেন, পুরুষদের ওপর গবেষণা চালিয়েও একই ফলাফল মিলেছে।
”হৃদরোগ হওয়ার সম্ভাবনা কমে যায় ২২ শতাংশ এবং হৃদরোগে পুরুষের মৃত্যু ঝুঁকি কমে যাবে ২৩ শতাংশ।”
প্রিভেনটিভ ও লাইফস্টাইল মেডিসিন ও পুষ্টি বিশেষজ্ঞ ডেভিড কাটজ বলেন, “মান সম্মত খাদ্যাভ্যাস নারী ও পুরুষ নির্বিশেষে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের জন্য উপকার বয়ে আনবে।”
তবে এই গবেষণার সীমাবদ্ধতাও রয়েছে বলে জানাচ্ছে সিএনএন।
এই ১৬টি গবেষণা পর্যবেক্ষমূলক পদ্ধতিতে করা হয়েছে। অর্থ্যাৎ, এখানে কারণ ও প্রভাব ব্যাখ্যা করা হয়নি।
এছাড়া অংশগ্রহণকারীরা নিজেদের খাদ্যাভাস নিয়ে যতটুকু বলেছে, তাতেই ভরসা করা হয়েছে। এর অর্থ, তারা বলছেন আসলে স্মৃতি থেকে মনে করে।
ভিক্টোরিয়া টেইলর বলেন, “এই সীমাবদ্ধতা অবশ্য গবেষণার লেখকরা স্বীকার করেই নিয়েছেন। তাদের পরামর্শ, এই গবেষণার ফলাফল বুঝেশুনে অর্থ দাঁড় করাতে হবে আমাদের। একই সঙ্গে লিঙ্গ অনুসারে আরও গবেষণায় সহায়ক হয়ে থাকবে এসব তথ্য।”
তিনি বলেন, “নারী হোক অথবা পুরুষ, স্বাস্থ্যকর জীবন যাপনে যদি মেডিটেরেনিয়ান ডায়েটের মত খাদ্যাভ্যাস থাকে তাহলে হৃদযন্ত্র এবং টাইপ টু ডায়বেটিকস, স্থূলতা, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টরল রোগের ঝুঁকি কমে আসবে।”
