১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেলেঙ্কারির কেন্দ্রে থাকা বিবিসি উপস্থাপকের নাম জানালেন স্ত্রী

যুক্তরাজ্যের সবচেয়ে পরিচিত টিভি উপস্থাপকদের একজন হিউ এডওয়ার্ডসকে দিয়েই গত সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু সংবাদ পরিবেশন করেছিল বিবিসি।

কেলেঙ্কারির কেন্দ্রে থাকা বিবিসি উপস্থাপকের নাম জানালেন স্ত্রী

বিবিসির উপস্থাপক হিউ এডওয়ার্ডস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 10:48 AM

Updated : 13 Jul 2023, 11:36 AM

যৌন উত্তেজক ছবির বিনিময়ে এক অপ্রাপ্তবয়স্ককে হাজার হাজার পাউন্ড দেওয়ার অভিযোগে গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রে থাকা সেই বিবিসি উপস্থাপকের নাম প্রকাশ করেছেন তার স্ত্রী।  

বুধবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যার’ আশঙ্কায় তার স্বামী হিউ এডওয়ার্ডসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রয়টার্স লিখেছে, যুক্তরাজ্যের সবচেয়ে পরিচিত টিভি উপস্থাপকদের একজন হিউ এডওয়ার্ডসকে দিয়েই গত সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু সংবাদ পরিবেশন করেছিল বিবিসি।

চলতি শতকের শুরু থেকে ব্রিটেনের নির্বাচন, রাজকীয় বিয়ে আর ২০১২ সালের অলিম্পিকের মত বড় বড় ঘটনাগুলোতে বিবিসির সংবাদ পরিবেশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।    

তার স্ত্রী ভিকি ফ্লিন্ড বিবৃতিতে বলেছেন, এডওয়ার্ডসের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এবং সন্তানদের মঙ্গলের জন্যই তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত তিনি নিয়েছেন।

নাম প্রকাশ না করে এডওয়ার্ডসের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি প্রথমে সামনে আনে ব্রিটিশ ট্যাবলয়েড সান।

গত শুক্রবার এক প্রতিবেদনে পত্রিকাটি জানায়, বিবিসির একজন শীর্ষ উপস্থাপক যৌন উত্তেজক ছবির বিনিময়ে ১৭ বছর বয়সী একজনকে ৩৫ হাজার পাউন্ড দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সেই অপ্রাপ্তবয়স্কের মা ও সৎ বাবার বরাত দিয়ে সান ওই প্রতিবেদন ছেপেছিল।

তার মা সেখানে বলেছিলেন, হাজার হাজার ডলার পেয়ে তার সন্তান তা খরচ করছে কোকেনের নেশায়। সন্তানকে বাঁচাতে সেই উপস্থাপককে টাকা দেওয়া বন্ধের আর্জিও জানিয়েছিলেন তিনি। 

কিন্তু পরে সেই কম বয়সীর পক্ষে এক আইনজীবীর দেওয়া বিবৃতিতে ওই অভিযোগকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দেওয়া হয়।

ওই অভিযোগ ওঠার পর বিবিসি তদন্ত শুরুর ঘোষণা দেয়। পরে জানানো হয়, সেই উপস্থাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে, যদিও তার নাম সে সময় প্রকাশ করেনি বিবিসি।

কে সেই উপস্থাপক, তা নিয়ে জল্পনা কল্পনা এতটাই ডালপালা ছড়াতে থাকে যে কয়েকজন তারকা সঞ্চালক সোশাল মিডিয়ায় এসে ঘোষণা দেন, ওই অভিযোগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

অভিযোগের তদন্ত এবং অন্যান্য বিষয় বিবিসি যেভাবে সামলানোর চেষ্টা করেছে, তা নিয়েও যথেষ্ট সমালোচনা হয়। 

তবে সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে তারা বিষয়টি খতিয়ে দেখেছে এবং এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ তারা পায়নি যাতে ফৌজদারি অপরাধের অভিযোগে বিবিসি উপস্থাপকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়।  

এডওয়ার্ডসের স্ত্রী ভিকি ফ্লিন্ড বুধবার তার বিবৃতিতে বলেন, তার স্বামী ‘গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যায়’ ভুগছেন। সাম্প্রতিক বছরগুলোতে সেজন্য তার কয়েক দফা চিকিৎসাও নিতে হয়েছে। গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সে কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিবিসি জানিয়েছে, পুলিশের অনুরোধে তারা তাদের নিজস্ব অনুসন্ধান স্থগিত রেখেছিল। তবে এখন তারা অভিযোগের বিষয়ে তাদের অনুসন্ধান চালিয়ে যাবে।