২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৫ সাংবাদিক ও পরিবার পেল ৬৯ লাখ টাকা সহায়তা

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের গণমাধ্যমবান্ধব নীতির কারণেই দেশে গণমাধ্যমের ‘যুগান্তকারী বিকাশ’ সম্ভব হয়েছে।”

৬৫ সাংবাদিক ও পরিবার পেল ৬৯ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তার কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের মধ্যে সহায়তার চেক বিতরণ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 06:39 PM

Updated : 10 Jul 2023, 06:39 PM

অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত ৬৫ সাংবাদিক ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের মধ্যে ৬৯ লাখ টাকার চেক বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণের এই অনুষ্ঠান হয়।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের ৬৫ জনের মাঝে ৬৯ লাখ টাকার চেক বিতরণ করেন।

তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ধারণাটি জননেত্রী শেখ হাসিনার চিন্তাপ্রসূত। তিনিই প্রথম জাতীয় প্রেসক্লাবে ঘোষণা দেন যে মাঝে মধ্যে সহায়তা দেওয়ার চেয়ে একটি প্রতিষ্ঠান দাঁড় করানো ভালো। তার সেই চিন্তা থেকেই প্রথমে কল্যাণ তহবিল গঠন ও তারপর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠিত হয়।

সভাপতির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, “বিশ্ব গণতন্ত্র সূচকে দুই ধাপ এবং সুখী দেশের সূচকে আমাদের সাত ধাপ অগ্রগতি প্রমাণ করে যে দেশে গণতন্ত্র সংহত হয়েছে, সুশাসন রয়েছে।  ২০০৮ সালে ছিল ১০টি টেলিভিশন, এখন ৩৫টি টেলিভিশন সম্প্রচারে আছে আরো ৭-৮টি সম্প্রচারের অপেক্ষায়।

“৪০০ দৈনিক পত্রিকা ছিল ২০০৯ সালে যখন আমরা সরকার গঠন করি, এখন সাড়ে ১২ শ দৈনিক পত্রিকা। সম্প্রচার হচ্ছে বেসরকারি এফএম ও কমিউনিটি রেডিও, প্রকাশিত হয় হাজার হাজার অনলাইন পত্রিকা। গণমাধ্যমের এই যুগান্তকারী বিকাশ জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের গণমাধ্যমবান্ধব নীতির কারণেই সম্ভব হয়েছে।”

গণমাধ্যমের এই বিকাশের সাথে সাথে গণতন্ত্রেরও বিকাশ ঘটেছে দাবি করে হাছান মাহমুদ বলেন, “আপনারা জানেন যে, প্রতিনিয়ত সকাল-বিকাল-সন্ধ্যাবেলায় বিরোধী দল, বিশেষ করে মির্জা ফখরুল সাহেবসহ তাদের নেতারা বলেন- ‘আমাদের কথা বলার অধিকার নাই’।

“তারা তিনবেলা কথা বলেন আর বলেন- ‘আমাদের কথা বলার অধিকার নাই’। তাদের এই হাঁকডাক এবং 'গণতন্ত্র হুমকির সম্মুখীন' মন্তব্যের মধ্যেই বাংলাদেশ গত বছর গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়ে ৭৫তম থেকে ৭৩তম স্থানে উন্নীত হয়েছে।”

আর সুখী দেশ সূচকে বাংলাদেশ ৭ ধাপ এগিয়েছি জানিয়ে হাছান মাহমুদ বলেন, “সুখী সূচকে ভারত, পাকিস্তানকে পেছনে ফেলে আমাদের অবস্থান এখন ৯৪তম। ভারতের অবস্থান ১৩৬তম, পাকিস্তানের ১২১তম, শ্রীলঙ্কার অবস্থান ১২৭তম। আমাদের অবস্থান ৯৪তম। এটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুশাসনের প্রমাণ, গণতন্ত্রের অভিযাত্রার প্রমাণ।”

তথ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশে গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করে, প্রয়োজন দায়িত্বশীলতার। আধুনিক গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্যে গণমাধ্যমের স্বাধীনতা যেমন আছে, গণমাধ্যমের দায়িত্বশীলতাও আছে। সেখানে একটি অসত্য সংবাদ পরিবেশনের কারণে ১৩০ বছর চলার পর বিশ্বখ্যাত পত্রিকা ‘নিউজ অব দ্যা ওয়ার্ল্ড’ বন্ধ হয়ে যায়।

“যুক্তরাজ্যের একজন এমপির বিরুদ্ধে ভুল সংবাদ পরিবেশনের কারণে বিবিসির টিমকে পদত্যাগ করতে হয়েছে। কদিন আগে বিবিসির মহাপরিচালককে পদত্যাগ করতে হয়েছে। যুক্তরাজ্যে টেলিভিশন এবং পত্রিকায় অসত্য বা ভুল সংবাদ বা কারো ব্যক্তিগত বিষয় প্রকাশের কারণে সেই গণমাধ্যমকে মোটা অংকের জরিমানা দিতে হয়। আমাদের দেশে ভুল সংবাদ পরিবেশনের কারণে কোনো পত্রিকা বন্ধ হয়নি, কোনো টেলিভিশনের পুরো টিমকে পদত্যাগ করতে হয়নি।”

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আমাদের সরকারের নীতি যে, গণমাধ্যম অবাধ এবং স্বাধীনভাবে কাজ করে। গণমাধ্যমের কাছে আমার একটি বিনীত নিবেদন- স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার দিকেও আমাদের সচেতন থাকতে হবে। তাহলেই গণমাধ্যম গণতন্ত্র সংহত হবে, দেশ এগিয়ে যাবে, বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশ পৌঁছাবে।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।