১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকদের জন্য চালু হচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস’

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত চীন বিষয়ক প্রতিবেদন ও কনটেন্ট প্রতিযোগিতায় জমা দেওয়া যাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 06:37 PM

Updated : 10 Sep 2026, 12:45 PM

বাংলাদেশি সাংবাদিকদের চীন বিষয়ক প্রতিবেদনের স্বীকৃতি ও পুরস্কৃত করতে চালু হচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস’।

ঢাকায় চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) বাংলার অফিসে মঙ্গলবার আয়োজকদের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি সই হয়েছে।

ঢাকায় চীনা দূতাবাসের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতার সহ-আয়োজক চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার।

২০২৪ সালের ১ নভেম্বর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও কনটেন্ট এ প্রতিযোগিতায় জমা দেওয়া যাবে।

পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। সেগুলো হল- সাধারণ সংবাদ, অর্থনীতি ও প্রযুক্তি বিষয়ক প্রতিবেদন, সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক প্রতিবেদন, ভিজ্যুয়াল এবং মিডিয়া ইনোভেশন। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার থাকবে।

প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে এক লাখ টাকা ও সনদ, দ্বিতীয় পুরস্কার হিসেবে দুজনের প্রত্যেকে পাবেন দেওয়া হবে ৫০ হাজার টাকা ও সনদ এবং তৃতীয় পুরস্কার হিসেবে তিনজনের প্রত্যেকে পাবেন ৩০ হাজার টাকা ও সনদ।

সব সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক, ক্যামেরাম্যান ও প্রযোজকরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ব্যক্তি ও দলীয়ভাবেও অংশ নেওয়া যাবে। দলীয়ভাবে সর্বোচ্চ ৫ জনের নাম দেওয়া যাবে।

আয়োজনে যৌথ আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ চায়না-আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবি ও অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

যৌথ আয়োজক সংগঠনের সদস্যরা যার যার সংগঠনের মাধ্যমে প্রতিবেদন জমা দেবেন। সংগঠনের বাইরে থাকা সাংবাদিকরা সরাসরি secretariat@aponmc.com ই-মেইলে জমা দিতে পারবেন। প্রতিবেদন জমা দেওয়ার বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে- https://bangla.cgtn.com/2025/09/30/ARTI1759234653618507

সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানে চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট চিয়া লেইমিং, আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট চাং ছিংপিন ও জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট হাসান হাফিজ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিএমজি বাংলার পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী ভিডিওকলে যুক্ত হয়ে বক্তব্য দেন।