২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোবাংলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 09:23 PM

Updated : 01 Sep 2026, 10:24 PM

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,“পেট্রোবাংলা চেয়ারম্যানের বিরুদ্ধে দাপ্তরিক দুর্নীতির অভিযোগ রয়েছে। দুদকের উপপরিচালক আহসান আলী এই অনুসন্ধান কাজ পরিচালনা করছেন।”

হোসেন মনসুরের বিরুদ্ধে গত চার বছরে পেট্রোবাংলার অধীনস্ত ১৩টি কোম্পানিতে লোকবল নিয়োগে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ এসেছে দুদকের কাছে।

এছাড়া পেট্রোবাংলার বিভিন্ন প্রকল্পে ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে বলে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় উপকমিটির একটি প্রতিবেদন আমলে নিয়েই এই অনুসন্ধান কাজ পরিচালিত হচ্ছে।”

পেট্রোবাংলার অন্তর্ভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান প্রণব।

হোসেন মনসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। গত সরকারের মেয়াদ থেকে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।