২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক: আসক

বিদায়ী বছরে দেশের মানবাধিকার পরিস্থিতি ‘উদ্বেগজনক’ ছিল উল্লেখ করে এর মূলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’, ‘গুম-গুপ্তহত্যা’ এবং ‘রাজনৈতিক সহিংসতাকে’ দায়ী করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 04:25 PM

Updated : 11 Jul 2022, 03:47 PM

গত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের কথা তুলে ধরে বেসরকারি সংস্থাটি বলেছে, এর অধিকাংশ ঘটনা ঘটানো হয়েছে ২০ দলীয় জোটের নির্বাচন ঠেকানোর আন্দোলনের নামে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আসকের পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক সুলতানা কামাল গত এক বছরের আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা লিখিত বক্তব্যে বলেন, ২০১৪ সালে আইনশৃঙ্খলা বাহিনীর ‘ক্রসফায়ার’; ‘বন্দুকযুদ্ধ’; ‘গুলিবিনিময়’ ও ‘এনকাউন্টারের’ নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলাবাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনা আগের বছরের তুলনায় বেড়েছে।

আসকের হিসাবে, এ বছর আইনশৃঙ্খলা বাহিনীর ‘ক্রসফায়ার’; ‘বন্দুকযুদ্ধ’; ‘গুলিবিনিময়’ ও ‘এনকাউন্টারে’  ১২৮ জনের মৃত্যু হয়েছে। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৭২ জন।

সুলতানা কামাল বলেন, “রাষ্ট্রীয় সন্ত্রাসের অন্যতম প্রধান বিষয় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত থাকায় দেশের আইন ও বিচার ব্যবস্থা প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হচ্ছে।”

‘গুম ও গুপ্তহত্যার’ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৪ সালে ৮৮ জন ‘গুম বা গুপ্ত হত্যার’ শিকার হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মারা গেছেন ১৩ জন।

এক বছরে রাজনৈতিক সহিংসতার চিত্র তুলে ধরে বলা হয়, ৫ জানুয়ারির নির্বাচন এবং পরবর্তীতে উপজেলা নির্বাচনের আগে-পরে হিংসাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ গণপ্রেপ্তারের শিকার হয়েছেন।

আসকের হিসাবে, এ বছর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, দলগুলোর মধ্যে সংঘর্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলসহ ৬৬৪টি সংঘাতের ঘটনা ঘটেছে। এসব সংঘাতে ১৪৭ জন নিহত এবং আট হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে সুলতানা কামাল বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়, বাড়িঘর, দোকানপাটে আগুন দেওয়া এবং প্রতিমা ভাংচুরসহ লুটপাট, চাঁদাবাজি, শারীরিক নির্যাতনের অনেক ঘটনা ঘটে, যার অধিকাংশই ঘটেছে ২০ দলীয় জোট কর্তৃক নির্বাচন প্রতিহত করার নামে।”

২০১৪ সালে সারাদেশে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ৭৬১টি বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ, ১৯৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাংচুর এবং ২৪৭টি উপাসনালয় ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সুলতানা কামাল বলেন, সংসদ নির্বাচনের আগে-পরে ১৩টি জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এসব হামলার ঘটনা ঘটে।

গত এক বছরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আসকের পরিচালক নূর খান লিটনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।