সাতক্ষীরায় হরতালে সংঘর্ষে ২ ভাই নিহত
সাতক্ষীরার কলারোয়ায় জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে।
জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিন সোমবার সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এ দুজন নিহত হয়েছে বলে জানান কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসেইন শওকত।
তিনি জানান, সকাল সাড়ে ১১টার দিকে জামায়াত-শিবিরকর্মীরা কলারোয়া-সরসকাটি সড়কে গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দিলে বিজিবি সদস্যলা তা সরাতে থাকে। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা তাদের ওপর হামলা চালায়। বিজিবি গুলি ছুঁড়লে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে দুইজন পরে মারা যায়।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত শিবিরের তাণ্ডবের পর সাতক্ষীরা সদর, শুক্রবার আশাশুনি ও রোববার দেবহাটা ও কালীগঞ্জে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এখনও তা বলবৎ আছে।
